শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে জেডি ভ্যান্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সরাসির বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার (১১ এপ্রিল) হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয় বলে জানিয়েছে আলজাজিরা।
এই বৈঠকে ভ্যান্সের সঙ্গে রয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার। উপস্থিত রয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
এর আগে শরিফ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, শরিফ বলেছেন যে, তিনি আশা করেন এই আলোচনা ‘মধ্যপ্রাচ্য অঞ্চলে টেকসই শান্তির পথে একটি সোপান’ হিসেবে কাজ করবে। একইসঙ্গে তিনি উভয় পক্ষকে সহযোগিতা করার ব্যাপারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
এর বাইরে ওই বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার আগে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা ও দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।