logo

ভারতে বাস-লরি সংঘর্ষ, পুড়ে অঙ্গার ১৩ যাত্রী 

ভারতে বাস-লরি সংঘর্ষ, পুড়ে অঙ্গার ১৩ যাত্রী 

ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে অন্তত ১৩ যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের আলো ফোটার আগে রাজ্যের মারকাপুরাম জেলার কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

স্থানীয় পুলিশের দেওয়া তথ্যমতে, ভোর সাড়ে ৫টার দিকে একটি প্রাইভেট ট্রাভেল বাসের সঙ্গে কানিগিরি থেকে আসা নুড়িপাথরবোঝাই একটি টিপার লরির সংঘর্ষ হয়। হরিকৃষ্ণ ট্রাভেলসের ওই বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার বিঞ্জামুরুতে যাচ্ছিল। সংঘর্ষের ফলে উভয় যানবাহনে ভয়াবহ আগুন ধরে যায়, ফলে যাত্রীরা বের হওয়ার খুব কম সময় পান। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন।

ঘটনার বিষয়ে মারকাপুরাম জেলার ইনচার্জ কালেক্টর পি. রাজা বাবু বলেন, ১৩ জন ঘটনাস্থলেই মারা গেছেন এবং তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মারকাপুরাম সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৫ জন আহতের মধ্যে ১০ জনের জখম গুরুতর এবং ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক ৫ জনকে গুন্টুর জিজিএইচএ স্থানান্তরিত করা হবে। অন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারকে জানানোর চেষ্টা করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করছে। ধ্বংসাবশেষের ভেতর তল্লাশি চলায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।