ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানের ওপর পূর্বপরিকল্পিত হামলার হুমকি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ‘দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা এ তথ্য জানানিয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্য আমি হামলাটি বাতিল করতে রাজি হয়েছি। তবে শর্ত হলো, দেশটিকে দ্রুত একটি চুক্তি করতে হবে।’
কারণ, হিসেবে তিনি উল্লেখ করেন যে ‘একটি চুক্তির মূল রূপরেখা চূড়ান্ত হয়েছে’, যার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো তাকে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে জানান ট্রাম্প।
এই সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সপ্তাহান্তে ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময়ে ট্রাম্পের এমন ঘোষণা এলো।
সম্প্রতি তেহরান উত্তেজনা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। দেশটি বলেছে, ওয়াশিংটনকে সহযোগিতা করা যেকোনো আঞ্চলিক রাষ্ট্র ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে’।
যুক্তরাষ্ট্র এর আগে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ওই অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিল।
এদিকে রোববার ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে তুরস্কের বার্তা সংস্থা টিআরটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে, এমন সম্ভাবনাকে সামনে রেখে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিজেদের প্রস্তুত করেছে। হামলার পর ইরান পাল্টা হামলায় ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে, এমন আশঙ্কায় দেশটি সতর্কতা বাড়িয়েছে।
.png)





