logo

লেবানন-ইসরায়েল বৈঠক আজ, থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

লেবানন-ইসরায়েল বৈঠক আজ, থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্থিতিশীলতার আশায় যুক্তরাষ্ট্রে বৈঠকে অংশ নিচ্ছে লেবানন ও ইসরায়েল। কয়েক দশকের মধ্যে এটিই হবে প্রথমবারের মতো সরাসরি আলোচনা। যদিও দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়াশিংটনের মার্কিন পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ইসরায়েলের সঙ্গে লেবাননের সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ।

মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত সূচি অনুসারে, লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ ও ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লাইটারের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে, যা বিরল ঘটনা। স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) ওয়াশিংটন ডিসিতে তারা সংলাপ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই রাষ্ট্রদূতের সঙ্গে ‘কার্যকরী পর্যায়ের’ আলোচনায় যোগ দেবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আলোচনায় লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার পাশাপাশি হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ ও বৃহত্তর শান্তি চুক্তির ওপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

তবে ইসরায়েলের পরিকল্পিত আলোচনা প্রত্যাখ্যান করে ‘ব্যর্থ’ বলে আখ্যায়িত করেছে হিজবুল্লাহ। একই সঙ্গে লেবানন সরকারকে ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে ২ মার্চ তেহরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা শুরু করে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। এর পরে দেশটির দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ করে তেল আবিব।

লেবাননে ইসরায়েলের চলমান হামলা ‘ইসলামাবাদ সংলাপে’ প্রভাব ফেলেছিল। ইরানের শর্তে দেশটিতে যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল তা মেনে নেয়নি। তেল আবিবের দাবি, লেবানন সরকারের সঙ্গে আলোচনায় ‘হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি’ নিয়ে কোনো আলোচনা করবে না তারা।

সূত্র: আলজাজিরা, গ্য গার্ডিয়ান