হরমুজ প্রণালি নিয়ে এবার নতুন ফন্দি আঁটছে ইরান

কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য নতুন একটি সংস্থা গঠন করেছে ইরান। এই সংস্থার নাম দেওয়া হয়েছে পারস্য উপসাগরীয় কর্তৃপক্ষ (পিজিএসএ)। সংস্থাটির কাজ হবে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজ থেকে নিয়মিতভাবে টোল আদায় করা ও এর কর্তৃত্ব বজায় রাখা।
সোমবার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে পিজিএসএ-এর একটি অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট চালু করা হয়।
নতুন অ্যাকাউন্টের পোস্টে বলা হয়, তারা ‘হরমুজ প্রণালির অভিযান ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রিয়েল-টাইম আপডেট’ প্রদান করবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বারা আক্রান্ত হওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বিশ্বের অন্যতম সংর্কীণ জলপটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তারা। তখন থেকে প্রণালি দিয়ে চলাচল করা সকল বাণিজ্যিক জাহাজ থেকে টোল আদায়ের কথা জানিয়ে আসছে তেহরান। সেই উদ্যোগ বাস্তবায়ন করতেই নতুন এই সংস্থার প্রবর্তন করল পশ্চির এশিয়ার দেশটি।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াতের প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ইরান ও ওমানের কারিগরি দল ওমানে বৈঠক করেছে।
সাধারণত বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে চলাচল করে। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে ইরান শত্রু দেশগুলোর জন্য নৌপথটি বন্ধ করে দেয়। ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যায়।
সূত্র: আলজাজিরা, গার্ডিয়ান
