দক্ষিণ লেবাননে শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা
দক্ষিণ লেবাননে এক ভয়াবহ বিস্ফোরণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অন্তর্ভুক্ত দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (৩১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, গত ৩০ মার্চ বানি হাইয়ানের কাছে এক বিস্ফোরণে শান্তিরক্ষীদের বহনকারী যানটি ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় আরও দুই শান্তিরক্ষী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ হতাহতের ঘটনায় কারো সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এ ঘটনায় তাদের একজন শান্তিরক্ষী নিহত এবং তিনজন আহত হয়েছেন। দেশটির দাবি অনুযায়ী, কামানের গোলার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে কারা এ গোলাবর্ষণ করেছে তা জানা যায়নি।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টার ব্যবধানে শান্তিরক্ষীদের ওপর এটি ছিল দ্বিতীয় প্রাণঘাতী হামলার ঘটনা।
জাতিসংঘ মহাসচিব দক্ষিণ লেবাননে উত্তেজনা প্রশমন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব মেনে চলার আহ্বান জানিয়েছেন। এই প্রস্তাবটিই মূলত দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি কাঠামোর মূল ভিত্তি হিসেবে কাজ করে।