logo
Advertisement

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পড়ল জাপানে, বাকি ৯টির লক্ষ্য ‘অজানা’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পড়ল জাপানে, বাকি ৯টির লক্ষ্য ‘অজানা’

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওকের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে একটি জাপানের জলসীমায় গিয়ে আছড়ে পড়েছে। তবে বাকি নয়টি কোথায় পড়েছে, তা স্পষ্ট করে জানা যায়নি। শনিবার (১৪ মার্চ) পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়। 

ইরানে যুদ্ধের মধ্যে পিয়ংইয়ংয়ের এই সামরিক তৎপরতা পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিল। এমতাবস্থায় জাপান সরকার সঙ্গে সঙ্গে জরুরি সতর্কতা জারি করে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জাপান সরকার লিখেছে, ‘[জরুরি সতর্কতা] উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। বিস্তারিত আসছে…।’

সংবাদমাধ্যম ব্লুমবাগ জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সর্বশেষ তাদের যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করার কয়েক দিন পর শনিবার একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষণ করেছে। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপান সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে আছড়ে পড়েছে বলে দেশটির কোস্টগার্ড জানিয়েছে।

ঘটনাটি এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বার্ষিক সামরিক মহড়া চালাচ্ছে। গত ৯ মার্চ এই মহড়া শুরু হয়, চলবে ১৯ মার্চ পর্যন্ত। সিউলের (দক্ষিণ কোরিয়া) জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, পিয়ংইয়ং (উত্তর কোরিয়া) প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ নিয়ে প্রতিবেশী দেশের কান ঘেঁষে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিম প্রশাসন।

অবশ্য উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে এই মহড়াকে যুদ্ধের মহড়া হিসেবে অভিযোগ করে আসছে। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্ষমতাসীন দলের কংগ্রেসে পিয়ংইয়ং ওয়াশিংটনকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানোর পর সর্বশেষ এই উৎক্ষেপণটি করা হলো। ইরানের ওপর ‘নির্লজ্জ’ হামলার জন্য উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ সম্পর্কিত একটি বিবৃতি শেয়ার করেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব দিকে নিক্ষেপ করা হয়। তবে এখনও পর্যন্ত এসব ক্ষেপণাস্ত্রের কারণে আশেপাশে থাকা কোনো বিমান বা জাহাজের কোনোরুপ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি বাকি নয়টি ক্ষেপণাস্ত্র কোথায় গিয়ে পড়েছে, তা স্পষ্ট হওয়া যায়নি।

গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর কিম জং উনকে নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্প জানান, কিমের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে আলোচনাতেও আগ্রহী তিনি।

তবে সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া অন্তত ১০ ক্ষেপণাস্ত্রের উৎপক্ষেণ বার্তা স্পষ্ট সম্ভবত ‘কোনও আলোচনার অবস্থায় নেই’ কিম। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরই সতর্ক হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া, জাপান। হাইঅ্যালার্ট জারি করা হয়েছে দুই দেশের পক্ষে।

এদিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।