ইরানের যুদ্ধজাহাজ ডোবানোর পর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, শ্রীলঙ্কার উপকূলে ইরানি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রকে পরিণাম ভোগ করতে হবে। এছাড়া তিনি মার্কিন কর্তৃপক্ষের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ এনেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রয়টার্স ও টিআরটি এ সংবাদ প্রকাশ করে।
আরাগচি জানান, ইরান উপকূল থেকে ২০০০ মাইল দূরে সমুদ্রে আমেরিকা এ বর্বরতা চালিয়েছে। ওই সময় ইরানি যুদ্ধজাহাজ ‘ডেনা’ ভারতের নৌবাহিনীর অতিথি ছিল।
ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলা প্রসঙ্গে আজ বৃহস্পতিবার এক্স পোস্টে আব্বাস আরাগচি লিখেছেন, যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে, তার জন্য তারা তীব্র অনুশোচনা করবে।
গতকাল বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে আইআরআইএস ‘ডেনা’ নামের ইরানি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে জাহাজটি ডুবে যায়।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বলছে, এই ঘটনায় তারা ৮৭ জনের লাশ উদ্ধার করেছে। আর ৩২ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাহাজটিতে ১৮০ জনের মতো আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানি ফ্রিগেটটি গত মাসে পূর্ব ভারতের উপকূলীয় শহর বিশাখাপত্তনমে একটি আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় অংশ নিয়ে ফিরে আসছিল।
এ বিষয়ে শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি যুদ্ধজাহাজটি যে এলাকায় ডুবে গেছে, সেখানে অন্য কোনো জাহাজ বা বিমান দেখা যায়নি।