logo

হরমুজ প্রণালিতে টোল আদায়ের পরিকল্পনার সমালোচনা ইইউর

হরমুজ প্রণালিতে টোল আদায়ের পরিকল্পনার সমালোচনা ইইউর

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ে পরিকল্পনা করেছে ইরান ও ওমান। তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায়ের পরিকল্পনার সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আলজাজিরার খবরে জানানো হয়েছে, ইইউ বলেছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা কোনো প্রকার পেমেন্ট বা টোল ছাড়াই নিশ্চিত করতে হবে।

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেন, ‘আন্তর্জাতিক আইন নৌ চলাচলের নিশ্চিত করে। যার অর্থ হলো, হরমুজ প্রণালি থেকে কোনো প্রকার টোল বা পেমেন্ট নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ‘নৌ চলাচলের স্বাধীনতা একটি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং এটি অবশ্যই নিশ্চিত করতে হবে।’

এদিকে বাংলাদেশ সময় বুধবার সকালে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এক চুক্তিতে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। লেবাননে ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে যুদ্ধবিরতি চুক্তি যে কোনো সময় ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৈশ্বিক জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্যমতে, যুদ্ধবিরতি ‍চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে কোনো তেল বা গ্যাস ট্যাংকার প্রণালিটি অতিক্রম করেনি। তবে চারটি বাল্ক ক্যারিয়ার অর্থাৎ শুষ্ক পণ্যবাহী জাহাজ পার হতে পেরেছে।

স্থানীয় সময় বুধবার বিকেলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রণালিটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কয়েকটি ট্যাংকারকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

কেপলারের তথ্য অনুযায়ী, ওই প্রতিবেদনগুলোর পর থেকে কোনো জাহাজকে প্রণালিটি অতিক্রম করতে দেখা যায়নি। জলপথটি অতিক্রমকারী সর্বশেষ পণ্যবাহী জাহাজটি বুধবার পূর্বাঞ্চলীয় সময় সকাল পৌনে ১১টার দিকে প্রণালিটির মাঝখানে শনাক্ত করা হয়েছিল।

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, মাইনের কারণে জলপথটি পারাপারের জন্য জাহাজগুলোকে অবশ্যই ইরানি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে নির্ধারিত পথ ব্যবহার করতে হবে। মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনায় রাখলে প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে।

তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বিভ্রান্তি বলেছেন, ‘প্রণালিটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা অসত্য। হরমুজ প্রণালি বন্ধ থাকার বিষয়ে মিথ্যা প্রতিবেদনগুলোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবগত আছেন।’

বাণিজ্যিক জাহাজবিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান এসএসওয়াই জানিয়েছে, উপসাগরে অবস্থান করা জাহাজগুলো আইআরজিসির কাছ থেকে একটি বার্তা পেয়েছে। এতে স্পষ্ট বলা হয়েছে, হরমুজ প্রণালি বন্ধ আছে। এই প্রণালি পার হতে গেলে অবশ্যই আইআরজিসির অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া প্রণালিতে প্রবেশ করার চেষ্টা করলে ওই জাহাজ ধ্বংস করে দেওয়া হবে।