logo

হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে বলল লেবানন সরকার

হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে বলল লেবানন সরকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অবিলম্বে অস্ত্র সমর্পণ করার নির্দেশ দিয়েছে লেবাননের সরকার। একইসঙ্গে প্রতিবেশী আরব দেশগুলোতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কড়া সমালোচনা করেছে বৈরুত।

রোববার (৮ মারর্চ) আরব লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনার সারসংক্ষেপ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য দিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি।

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশে ইরানের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হিজবুল্লাহর সামরিক কার্যক্রম লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। লেবানন উপসাগরীয় আরব দেশগুলোর পাশাপাশি জর্ডান ও ইরাকে ইরানের হামলার ‘তীব্র নিন্দা’ জানাচ্ছে।

লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণের প্রসঙ্গে তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননের জাতীয় স্বার্থকে উপেক্ষা করেছে এবং গোষ্ঠীটি রাষ্ট্রে থেকে নিজের ইচ্ছামতো কাজ করছে বলে তিনি অভিযোগ করেন।

এক্স পোস্টে ইউসুফ রাজি আবারও হিজবুল্লাহকে অবিলম্বে তাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান।

চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েল লেবানন আক্রমণ করার পর দক্ষিণ সীমান্ত বরাবর কিছু অবস্থান থেকে লেবাননের সেনাবাহিনী নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

গত সপ্তাহে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়। আজ রোববার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের ২ সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা। তবে নিহত সেনাদের বিষযে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলের সেনাবাহিনী।

এদিকে লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, তারা আজ ইসরায়েলি সামরিক স্থাপনা এবং উত্তরাঞ্চলীয় শহরগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এক বিবৃতিতে এ সংগঠনটি বলেছে, তারা উত্তর ইসরায়েলের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। সেখানে একটি সামরিক সরবরাহ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। লেবাননের বৈরুত ও বেশ কয়েকটি শহরে হামলার প্রেক্ষিতে এসব প্রতিশোধমূলক হামলা করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

তারা আরও জানিয়েছে, ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এ ছাড়া উত্তর ইসরায়েলের শহর নাহারিয়ায় দুটি ড্রোন হামলার দাবি জানিয়েছে হিজবুল্লাহ।