logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বিশ্বে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে খুন পাঁচ নারী: জাতিসংঘ

বিশ্বে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে খুন পাঁচ নারী: জাতিসংঘ
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে ২০২৫ সালে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে ৪৭ হাজারের বেশি নারী ও মেয়ে হত্যার শিকার হয়েছেন। অর্থাৎ গত বছর প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন নারী ও মেয়েকে প্রাণ হারাতে হয়েছে। আগের কয়েক বছরের তুলনায় এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’ সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এই হিসাব করা হয়েছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও মেয়ের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে। অর্থাৎ, এ ধরনের হত্যাকাণ্ড কমাতে বিশ্বজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও মেয়ের মধ্যে প্রায় ৬০ শতাংশই ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নিহত হয়েছেন। সংখ্যার হিসাবে ভুক্তভোগীর সংখ্যা প্রায় ৪৭ হাজার। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও মেয়েকে প্রাণ হারাতে হয়েছে।

২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে ১৯ শতাংশ নারী ছিলেন। তবে নারী ভুক্তভোগীদের ৬০ শতাংশই নিহত হয়েছেন ব্যক্তিগত পরিসরে। অন্যদিকে, পুরুষ হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে এ ধরনের পরিস্থিতিতে নিহত হওয়ার হার ১১ শতাংশ।

জাতিসংঘ বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধের উদ্যোগে শুধু ঘনিষ্ঠ সম্পর্ক নয়, পরিবারের বৃহত্তর পরিসরের সম্পর্কগুলোকেও অন্তর্ভুক্ত করা জরুরি।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো অঞ্চলই নারীদের জন্য পুরোপুরি নিরাপদ ছিল না। তবে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও মেয়েদের হত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আফ্রিকায়। এ অঞ্চলে নিহতের সংখ্যা ২২ হাজার ১০০। এরপর এশিয়ায় ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নিহত হয়েছেন।

এতে আরও বলা হয়, বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের হার কমলেও নারী হত্যার হার তুলনামূলক ধীরগতিতে কমেছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা দেখা গেছে। এ চিত্র থেকে বোঝা যায়, এ ধরনের অপরাধের শিকড় সমাজের প্রচলিত রীতিনীতি ও লিঙ্গভিত্তিক ধারণার গভীরে প্রোথিত। এসব কারণে বিচার পাওয়ার ক্ষেত্রেও নারীরা নানা বাধার মুখে পড়েন বলে মত জাতিসংঘের।

নারী হত্যা বলতে লিঙ্গের কারণে নারী ও মেয়েদের হত্যাকাণ্ডকে বোঝায়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে সংঘটিত হত্যাকাণ্ড ছাড়াও সংগঠিত অপরাধ, জবরদস্তিমূলক শ্রম ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ডও এ পরিভাষার অন্তর্ভুক্ত হতে পারে।

তবে ব্যক্তিগত পরিসরের বাইরে সংঘটিত নারী হত্যার তথ্য অত্যন্ত সীমিত। এ কারণে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে এ ধরনের হত্যাকাণ্ডের প্রকৃত ব্যাপ্তি পরিমাপ করা সম্ভব নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট