এবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

কয়েক দিন আগেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান। এবার ফাতাহ-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষা চালাল দেশটির সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী ফাতাহ-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণটির সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ (ইআর) অস্ত্রব্যবস্থাটি উন্নত নেভিগেশন প্রযুক্তি ও অত্যাধুনিক অ্যাভিওনিকস সরঞ্জামে সজ্জিত।
আইএসপিআর জানায়, ক্ষেপণাস্ত্রটি তার ‘অনন্য গতিপথ ও চালনাগত বৈশিষ্ট্যের’ কারণে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। ফাতাহ-২ ইআরের বর্ধিত পাল্লা পাকিস্তান সেনাবাহিনীর নাগাল ও দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা আরও বাড়াবে।
পরীক্ষামূলক উৎক্ষেপণটি প্রত্যক্ষ করেন আর্মি রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কর্মসূচিটির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীরা। অস্ত্রব্যবস্থাটির উন্নয়নে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিষ্ঠা ও কারিগরি দক্ষতার প্রশংসা করেন কমান্ডার।
বর্ধিত পাল্লার ফাতাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং দেশটির সামরিক বাহিনীর অন্য প্রধানেরা।
এর কয়েক দিন আগেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ-৪ স্থল থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষা চালায় পাকিস্তান।
গত সপ্তাহে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছিল, উন্নত অ্যাভিওনিকস ও অত্যাধুনিক নেভিগেশন সহায়ক প্রযুক্তিতে সজ্জিত ফাতাহ-৪ স্থল থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রটি বর্ধিত দূরত্বে অত্যন্ত নিখুঁতভাবে এবং ব্যাপক ধ্বংসক্ষমতা নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
