logo
Advertisement

ভুল টার্গেটে ৮০ রাউন্ড গুলি, নিহত নির্দোষ নারী

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ভুল টার্গেটে ৮০ রাউন্ড গুলি, নিহত নির্দোষ নারী
গাড়ি থেকে অতর্কিতে গুলি চালাচ্ছে দুই বন্দুধারী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসল অপরাধী ভেবে একটি গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা ৭০ থেকে ৮০ রাউন্ড গুলি ছুড়েছে। এতে গাড়ির ভেতরে থাকা প্যাট্রিসিয়া শেপার্ড (৫০) নামের এক নির্দোষ নারী নিহত হয়েছেন। হ্যামন্ড পুলিশ বিভাগ নিশ্চিত করেছে, বন্দুকধারীদের প্রকৃত লক্ষ্যবস্তুতে থাকা ব্যক্তি ঘটনার সময় গাড়িতে ছিলেন না।

শনিবার (৬ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

হ্যামন্ডের পুলিশ প্রধান এডউইন বার্গেরন জুনিয়র এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে লুইসিয়ানার একটি খামারে হামলাকারীরা একটি গাড়িকে অনুসরণ করছিল। ওই গাড়িতে তাদের আসল লক্ষ্যবস্তু ব্যক্তিটি ছিলেন। কিন্তু এক সময় তিনি গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে চলে যান। অপরাধীরা বিষয়টি খেয়াল করেনি।

পরবর্তীতে ভুক্তভোগীর গাড়িটি খামার থেকে রওনা হয়ে একটি শেভরন গ্যাস স্টেশনে থামে। হামলাকারীরাও গাড়িটির পিছু পিছু সেখানে পৌঁছায়। গ্যাস স্টেশনে গাড়ির চালক নেমে ভেতরে যাওয়া মাত্রই সন্দেহভাজনদের গাড়িটি পাশে এসে দাঁড়ায়। তারা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। ঝাঁঝরা হয়ে যাওয়া গাড়ির ভেতর নির্মমভাবে প্রাণ হারান প্যাট্রিসিয়া।

পুলিশ প্রধান বলেন, প্যাট্রিসিয়া সম্পূর্ণ নির্দোষ ছিলেন। হামলাকারীদের শত্রুতার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।

এই হত্যাকাণ্ডের পর তদন্তকারীরা অন্তত দুই থেকে তিনজন সন্দেহভাজনকে খুঁজছেন। ক্ষোভ প্রকাশ করে পুলিশ প্রধান বার্গেরন বলেন, এই বদমাশরা যতক্ষণ জেলে না যাচ্ছে, আমরা শান্ত হব না। অন্য কেউ ভেবে একজন নির্দোষ নারীকে খুন করা সহ্য করা হবে না।

পুলিশ জানায়, ঘাতকরা একটি সাদা রঙের ২০০৮ মডেলের হোন্ডা সিভিক গাড়ি ব্যবহার করছিল। গাড়িটি গত মঙ্গলবার মিসিসিপির পাইক কাউন্টি থেকে চুরি করা হয়েছিল। এর লাইসেন্স প্লেট নম্বর পিজেওয়াই০৫০ এবং সামনের প্যাসেঞ্জার সিটের দিকের জানালাটি ভাঙা।

অপরাধীদের ধরতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে স্থানীয় প্রশাসন। কোনো তথ্য থাকলে হ্যামন্ড পুলিশ বিভাগকে (৯৮৫-২৭৭-৫৭৫৫) বা ক্রাইম স্টপার্সের বেনামী লাইনে (১-৮০০-৫৫৪-৫২৪৫) কল করার অনুরোধ করা হয়েছে।