অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন

অস্ট্রেলিয়ার মাত্র দুটি সচল তেল শোধনাগারের একটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ডয়চে ভেলের প্রতিবেদনে জানানো হয়, ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের জিলং শহরের কাছে ভিভা এনার্জি গ্রুপের ওই শোধনাগারটিতে আগুনের সূত্রপাত হয় স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, শোধনাগারের মোটর গ্যাসোলিন ইউনিটে এই আগুন লাগে। বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনার সময় সেখানে প্রায় ১০০ কর্মী কাজ করছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ পরিস্থিতিতে জিলং ও এর আশপাশের প্রায় ৩ লাখ বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার এবং দরজা-জানলা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
শোধনাগারটি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি এবং পুরো অস্ট্রেলিয়ার ১০ শতাংশ জ্বালানি চাহিদা পূরণ করে।
দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ফলে শোধনাগারটির পেট্রোল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। তবে ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন সীমিত পরিসরে চালু থাকবে।
এদিকে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া আগে থেকেই জ্বালানি সংকটে ছিল। এই অগ্নিকাণ্ড সেই সংকটকে আরও ঘনীভূত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।