logo

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলি, নিহত ৩

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলি, নিহত ৩

তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবারের (৭ এপ্রিল) এ হামলায় অন্তত তিনজন জড়িত ছিল বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। পুলিশ তাদের ‘নিষ্ক্রিয়’ করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

ইসরায়েলি কনস্যুলেটটি একটি বহুতল ভবনের সপ্তম তলায় অবস্থিত। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, যে ভবনে ইসরায়েলি কনস্যুলেট অবস্থিত, সেখানে ঢোকার চেষ্টা করছিলেন বন্দুকধারীরা। এ সময় পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু তারা পুলিশের নির্দেশ না মেনে উল্টো গুলি চালালে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা সিফতচির বরাতে সংবাদমাধ্যম জানায়, ইস্তাম্বুলের ইয়াপি ক্রেডি প্লাজা ব্লকের সামনে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে তিন ব্যক্তিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।

আলজাজিরা জানায়, ইস্তাম্বুলের কনস্যুলেট বা তুরস্কের রাজধানী আঙ্কারার দূতাবাসে বর্তমানে কোনো ইসরায়েলি কূটনীতিক দায়িত্বরত নেই। এর অর্থ হলো, এই কূটনৈতিক মিশনগুলোর ভেতরে যারা রয়েছেন তারা মূলত স্থানীয় কর্মী যারা কনস্যুলেট বা দূতাবাসে কাজ করেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘তারা ইস্তাম্বুল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের একটি শহর থেকে ভাড়া করা গাড়িতে করে এসেছিল। তাদের মধ্যে একজন একটি মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত। হামলাকারীদের মধ্যে দুইজন সম্পর্কে ভাই। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদক মামলার রেকর্ড রয়েছে।’

ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল এই হামলাকে ‘উসকানিমূলক’ বলে অভিহিত করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ডেইলি সাবাহ পত্রিকার এডিটোরিয়াল কো-অর্ডিনেটর মেহমেত চেলিক বলেন, ‘এই হামলার পেছনে একটি উদ্দেশ্য হতে পারে তুরস্কের মানহানিন করা। কারণ, চলমান যুদ্ধের মধ্যেও তুরস্ককে এই অঞ্চলে একটি নিরাপদ ও স্থিতিশীল দেশ হিসেবে দেখা হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘হামলাকারীদের দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে তুরস্ককে আঞ্চলিক সংঘাতের মধ্যে টেনে আনা এবং তৃতীয়, কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে দেশটির সুনাম নষ্ট করা।’