logo

ইরানে ৩০ ওয়াগন ত্রাণ পাঠাল কাজাখস্তান

ইরানে ৩০ ওয়াগন ত্রাণ পাঠাল কাজাখস্তান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ মুসলিম দেশ কাজাখস্তান। বন্ধুত্বের অংশ হিসেবে ইরানে ৩০ ওয়াগন ত্রাণ সহায়তা পাঠিয়েছে কাজাখস্তান।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। কাজাখস্তানের প্রেসিডেন্টের সরাসরি নির্দেশে এই জরুরি ত্রাণ সামগ্রী ইরানে পাঠানো হয়েছে।

কাজাখস্তান থেকে পাঠানো এই বিশাল সাহায্য চালানের মধ্যে রয়েছে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় মাংসের ক্যান, চিনি, ময়দা এবং সংকটে থাকা হাসপাতালগুলোর জন্য জরুরি চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন ধরনের ওষুধ। দুই দেশের সীমান্তবর্তী সারাখস রেলস্টেশনে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই সমস্ত সামগ্রী ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে ইরানে নিযুক্ত কাজাখস্তান রাষ্ট্রদূত ওনতালাপ ওনালবায়েভ বলেন, ‘মধ্যপ্রাচ্য ও গোটা মুসলিম বিশ্বে ইরান হচ্ছে কাজাখস্তানের অন্যতম প্রধান রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক অংশীদার।’

একটি প্রচলিত প্রবাদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘কঠিন ও বিপদের সময়েই প্রকৃত বন্ধু চেনা যায়।’

এই সাহায্য এমন সময়ে তেহরানে পৌঁছাল, যখন যুদ্ধের প্রভাবে দেশটির অর্থনীতি প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ইরানের সরকারি পরিসংখ্যান কেন্দ্রের দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে বর্তমানে বার্ষিক মুদ্রাস্ফীতির হার আকাশচুম্বী হয়ে প্রায় ৫৩ দশমিক ৭ শতাংশে গিয়ে ঠেকেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাধারণ মানুষের নিত্যদিনের খাবারের ওপর। গত বছরের তুলনায় বর্তমানে ইরানে খাদ্যপণ্যের দাম প্রায় ১১৫ শতাংশেরও বেশি বেড়ে গেছে।