logo

বাড়ছে শান্তি আলোচনার সময়, দাবি ইরানি মিডিয়ার

বাড়ছে শান্তি আলোচনার সময়, দাবি ইরানি মিডিয়ার

পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত শান্তি আলোচনার সময় আরও একদিন বাড়ছে বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের আলোচনা হয়েছে প্রায় দুই ঘণ্টা ধরে। পরে নৈশভোজের বিরতি দেওয়া হয়। বিভিন্ন কূটনৈতিক সূত্রের দাবি, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়েও কিছুটা অগ্রগতি হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে থাকা প্রতিনিধির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

প্রতিবেদনে দাবি করা হয়, প্রাথমিক আলোচনা ও পরামর্শের পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে সংলাপ সাধারণ বিষয়গুলো অতিক্রম করে আরও গভীরে প্রবেশ করেছে। অমীমাংসীত নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা চলছে। সে অনুযায়ী উভয় পক্ষের বিশেষজ্ঞরা কিছু বিষয়ের বিস্তারিত খতিয়ে দেখছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা প্রাথমিকভাবে একদিনের অধিবেশন হওয়ার কথা থাকলেও বিশেষজ্ঞ পর্যায়ের পর্যালোচনা চালিয়ে যেতে আরও একদিন বৃদ্ধি করা হতে পারে। তবে এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি তাসনিম।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও বেশ কয়েকজন সামরিক কমান্ডারকে হত্যা করার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কৌশলগত হরমুজ প্রণালি অবরোধ করলে বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়ের আশঙ্কা ক্রমাগত প্রকট হয়।

সংকীর্ণ এই প্রণালি ৪০ দিনের অবরোধের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর রাজধানীতে উভয়পক্ষকে নিয়ে আলোচনার আয়োজন করে পাকিস্তান। তারই অংশ হিসেবে আজ শনিবার দেশটিতে সরাসরি সংলাপে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।