logo

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইউরোপ-জাপানের যৌথ বিবৃতি

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইউরোপ-জাপানের যৌথ বিবৃতি

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ ও জাপান। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, তেল ও গ্যাস স্থাপনায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

তারা অভিযোগ করে, ইরানের কর্মকাণ্ডের ফলে কার্যত হরমুজ প্রণালিতে নৌচলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য বড় হুমকি। বিবৃতিতে ইরানকে অবিলম্বে হুমকি, মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করার আহ্বান জানানো হয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮১৭ মেনে চলার দাবি জানানো হয়।

যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, নৌচলাচলের স্বাধীনতা আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি, যা জাতিসংঘের সমুদ্র আইন সনদেও স্বীকৃত। এ ধরনের বাধা বিশ্বব্যাপী মানুষের ওপর প্রভাব ফেলবে, বিশেষ করে দুর্বল অর্থনীতির দেশগুলোর ওপর।

তারা সতর্ক করে বলে, আন্তর্জাতিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এ প্রেক্ষাপটে বেসামরিক অবকাঠামো, বিশেষ করে তেল ও গ্যাস স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধে সর্বাত্মক স্থগিতাদেশের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগে অংশ নিতে তারা প্রস্তুত। ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন দেশের প্রস্তুতিমূলক পরিকল্পনাকে স্বাগত জানানো হয়েছে।

জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) কৌশলগত তেল মজুদ ছাড়ার সিদ্ধান্তকেও স্বাগত জানানো হয়। পাশাপাশি, উৎপাদন বাড়াতে তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে কাজ করার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় জাতিসংঘ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতা জোরদার করা হবে বলেও জানানো হয়।

যৌথ বিবৃতিতে শেষ পর্যন্ত সব দেশকে আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বৈশ্বিক নিরাপত্তা ও সমৃদ্ধির মৌলিক নীতিগুলো সমুন্নত রাখার আহ্বান জানানো হয়েছে।