logo

নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পাওয়ায় শেয়ারবাজারে ধস: ট্রাম্প

নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পাওয়ায় শেয়ারবাজারে ধস: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবির পর ওয়াল স্ট্রিটে ঘটে যাওয়া নজিরবিহীন শেয়ারবাজার ধসের জন্য সরাসরি ডেমোক্র্যাটদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগামাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একাধিক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন। খবর বিবিসির।

নির্বাচনের ফলাফলের প্রভাবে শেয়ারবাজারে এমন ভয়াবহ পতন দেখে গভীর দুঃখ প্রকাশ করে ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘নির্বাচনের ফলাফলের কারণে শেয়ারবাজার আজ ইতিহাসের অন্যতম ভয়ংকর একটি দিন পার করেছে। এটি দেখা সত্যিই খুব দুঃখজনক! আমাদের অর্থনীতিকে অতীতের এক অভূতপূর্ব ও শক্তিশালী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দীর্ঘ ও কঠোর পরিশ্রম করতে হয়েছিল। অথচ এখন এই পরিস্থিতি তৈরি হলো।’

দলের শীর্ষ সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সবাই মনে রাখবেন, শেয়ারবাজারের এই বিপর্যয় কোনোভাবেই রিপাবলিকানদের ভুলের কারণে ঘটেনি, এটি পুরোপুরি ডেমোক্র্যাটদের কাজ। তবে কেউ ভয় পাবেন না। আমরা খুব দ্রুতই আগের চেয়ে আরও অনেক বড় ও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াব।’

পরবর্তী আরেকটি পোস্টে আরও আক্রমণাত্মক সুরে ট্রাম্প লেখেন, ‘গত মঙ্গলবার ডেমোক্র্যাটরা আকস্মিক বড় ধরনের সাফল্য পাওয়ার ফলেই আজ শেয়ারবাজারে এই ধস নেমেছে। এটি দেখা খুবই বেদনাদায়ক। এই পরিস্থিতির জন্য কেবল আপনারাই (ডেমোক্র্যাটরা) দায়ী!’

বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি এআই ও প্রযুক্তি খাতে কঠোর রেগুলেশন আসার আশঙ্কা এবং ডেমোক্র্যাটদের নীতিগত অবস্থানের কারণে যে নজিরবিহীন অর্থনৈতিক ধাক্কা লেগেছে, ট্রাম্পের এই মন্তব্য তারই রাজনৈতিক প্রতিক্রিয়া।

এর আগে, আমেরিকান শীর্ষ শেয়ারবাজার ওয়াল স্ট্রিটে তালিকাভুক্ত বড় বড় প্রযুক্তি কোম্পানির শেয়ারমূল্য কমে বাজার থেকে প্রায় ২.৫ ট্রিলিয়ন (আড়াই লাখ কোটি) ডলার উধাও হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট। একই সঙ্গে এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোন্স সূচকেও বড় পতন হয়েছে।

ওয়াল স্ট্রিটের এই ভয়াবহ দরপতনের ধাক্কা শুক্রবার (৬ নভেম্বর) সকালে লেনদেন শুরুর পরপরই ছড়িয়ে পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক ‘কোস্পি সূচক’ এক লাফেই প্রায় ৯ শতাংশ কমে যায়। ফলে বাধ্য হয়ে সেখানে ২০ মিনিটের জন্য সব ধরনের লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি বন্ধ করে দেওয়া জাপান, তাইওয়ানের বাজারের লেনদেন।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট