পৃথিবীর কক্ষপথে নতুন গ্রহাণুর সন্ধান, কীভাবে এলো

পৃথিবীর কক্ষপথে নতুন গ্রহাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকে পড়া প্রায় ২ মিটার (৬ ফুট) ব্যাসের এই গ্রহাণু এখন আমাদের গ্রহের চারপাশে ঘুরছে।
‘মিনি-মুন’ নামে পরিচিত এই মহাজাগতিক বস্তুটি আগামী ডিসেম্বরের শুরুতে পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব বলয় ছেড়ে আবার সূর্যকে কেন্দ্র করে নিজের কক্ষপথে ফিরে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গত এপ্রিল মাসে পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের আওতায় আসে গ্রহাণুটি। তবে আকারে ছোট ও তুলনামূলক অনুজ্জ্বল হওয়ায় শুরুতে এর প্রকৃতি নিয়ে নিশ্চিত হতে পারেননি জ্যোতির্বিজ্ঞানীরা।
এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ, নাকি উপগ্রহের ভাঙা অংশ; তা নিয়ে কয়েক সপ্তাহ পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায়। অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের (আইএইউ) মাইনর প্ল্যানেট সেন্টার এর নাম দেয় ২০২৬ কিউকিউ৮।
‘মিনি-মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়। পৃথিবীর কক্ষপথে অল্প সময়ের জন্য অবস্থান করা প্রাকৃতিক মহাজাগতিক বস্তুকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়। এর আগে ২০০৬ সালে ‘আরএইচ১২০’ প্রায় এক বছর এবং ২০২০ সালে ‘সিডি৩’ প্রায় তিন বছর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরেছিল।
মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইনের মতে, পৃথিবীর কাছে এ ধরনের সাময়িক সঙ্গী থাকা অস্বাভাবিক নয়। গড়ে যে কোনো সময়ে একটি এমন বস্তু থাকতে পারে। কখনো কয়েক সপ্তাহ, আবার কখনো কয়েক মাস অবস্থান করে এগুলো। কোনো কোনো সময়ে একাধিক বস্তুও পৃথিবীর কাছাকাছি থাকতে পারে।
এসব বস্তু শনাক্ত করা কঠিন উল্লেখ করে পেইন জানান, অধিকাংশই আকারে ছোট। পাশাপাশি পৃথিবী থেকে দূরে অবস্থান এবং দ্রুত চলাচলের কারণে বর্তমান পর্যবেক্ষণব্যবস্থায় এগুলোকে খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে।
২০২৬ কিউকিউ৮ পৃথিবীতে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। এমনকি এটি বায়ুমণ্ডলে প্রবেশ করলেও আকারে ছোট হওয়ায় ক্ষতিকর হওয়ার কথা নয়। পেইনের ভাষ্য, সে ক্ষেত্রে আকাশে উজ্জ্বল উল্কা দেখা যেতে পারে এবং সামান্য শব্দ হতে পারে।
কীভাবে শনাক্ত হলো মিনি-মুন
হাঙ্গেরির কনকলি অবজারভেটরির গবেষণা সমন্বয়ক সারনেস্কি গত আগস্টে বস্তুটি প্রথম শনাক্ত করেন। প্রাথমিকভাবে এর নাম দেওয়া হয়েছিল ‘সার২৯০১’। তিনি জানান, ২০২০ সাল থেকে প্রতিটি পরিষ্কার রাতেই তিনি পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু অনুসন্ধান করছেন।
আবিষ্কারের সময় বস্তুটিকে তার কাছে অন্য গ্রহাণুগুলোর মতোই মনে হয়েছিল। এর আগে তিনি প্রায় ৪০০টি পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু শনাক্ত করেছিলেন। তবে পরে কক্ষপথের বিস্তারিত হিসাব করতে গিয়ে নতুন বস্তুটির বিশেষ বৈশিষ্ট্য সামনে আসে।
পৃথিবীর কাছাকাছি কক্ষপথে চলাচলকারী গ্রহাণুগুলোকে ‘নিয়ার-আর্থ অ্যাস্টেরয়েড’ বলা হয়। এগুলো ‘নিয়ার-আর্থ অবজেক্ট’ বা এনইও শ্রেণির অন্তর্ভুক্ত। এ শ্রেণিতে গ্রহাণুর পাশাপাশি ধূমকেতুও রয়েছে।
প্রাথমিক পর্যায়ে বিজ্ঞানীদের মধ্যে বস্তুটির উৎস নিয়ে মতভেদ ছিল। এটি প্রাকৃতিক কোনো গ্রহাণু, নাকি মানুষের তৈরি কৃত্রিম বস্তু; তা নিয়ে সংশয় দেখা দেয়। কয়েক সপ্তাহ ধরে সূর্যের বিকিরণ বস্তুটির গতিপথে কী প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণের মাধ্যমে এর প্রকৃতি নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের মাউনা কেয়ায় স্থাপিত ২ দশমিক ২ মিটার (৮৮ ইঞ্চি) টেলিস্কোপের পর্যবেক্ষণেও বস্তুটি প্রাকৃতিক বলে নিশ্চিত হওয়া যায়।
কোথা থেকে আসে এসব মিনি-মুন
২০২৬ কিউকিউ৮-এর সুনির্দিষ্ট উৎস এখনো অনুসন্ধান করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে ম্যাথিউ পেইনের মতে, পৃথিবীর কাছাকাছি থাকা অধিকাংশ মহাজাগতিক বস্তুর উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী গ্রহাণু বলয়ে।
ওই অঞ্চলে বিভিন্ন আকারের লাখ লাখ পাথুরে বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। দীর্ঘ সময় ধরে মহাকর্ষীয় প্রভাবের কারণে এসব বস্তুর কিছু অংশের কক্ষপথ বদলে যেতে পারে। একপর্যায়ে সেগুলো সৌরজগতের ভেতরের দিকে চলে আসে।
পেইনের ব্যাখ্যা অনুযায়ী, এমন কোনো বস্তু পৃথিবীর কাছাকাছি এলে এবং তার গতিবেগ খুব বেশি না হলে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সেটির গতিপথ পরিবর্তিত হতে পারে। পৃথিবী ও চাঁদের মহাকর্ষীয় প্রভাবের কারণে বস্তুটি আগের কক্ষপথ থেকে সরে গিয়ে সাময়িকভাবে পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করতে পারে।
মহাকাশের বস্তু শনাক্তে আসছে নতুন যুগ
এখন পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি থাকা প্রায় ৪০ হাজার মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন। ম্যাথিউ পেইনের দেওয়া তথ্য অনুযায়ী, সৌরজগতে সব মিলিয়ে শনাক্ত করা বস্তুর সংখ্যা প্রায় ১৫ লাখ। তবে নতুন পর্যবেক্ষণ প্রযুক্তির কারণে এই সংখ্যা দ্রুত বাড়তে পারে।
চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা সংবলিত টেলিস্কোপ ব্যবহার করে প্রতিষ্ঠানটি ১০ বছর মেয়াদি ‘লিগ্যাসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম’ (এলএসএসটি) জরিপ পরিচালনা করছে।
এই জরিপে গ্রহাণু, ধূমকেতু ও দূরবর্তী ছায়াপথ শনাক্ত করে তালিকাভুক্ত করা হবে। এর ফলে মহাকাশের বিভিন্ন বস্তু আগের তুলনায় অনেক বেশি গতিতে শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
পেইন বলেন, এলএসএসটি জরিপ পূর্ণাঙ্গভাবে চালু হলে বিপুলসংখ্যক নতুন মহাজাগতিক বস্তুর সন্ধান পাওয়া যাবে। তার ধারণা, তখন সৌরজগতে পরিচিত বস্তুর সংখ্যা ১৫ লাখ থেকে বেড়ে প্রায় ৫০ লাখে পৌঁছাতে পারে।
সূত্র: সিএনএন


