বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের

বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) জেরুজালেম পোস্ট এ সংবাদ প্রকাশ করে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বুধবার এ হুমকি দেন।
তিনি জোর দিয়ে বলেন, যদি ইসরায়েল বৈরুতে ইরানের দূতাবাসে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাস আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
আধা-সরকারি তাসনিম নিউজের সংবাদ অনুসারে আবুলফজল শেকারচি বলেন, ইসরায়েল লেবাননে ইরানি দূতাবাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে। যদি তারা এমনটা করে তাহলে এ জায়নবাদী সরকারের সব দূতাবাসই ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
তিনি আরও বলেন, ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন না মেনেই তাদের সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে। সামরিক সক্ষমতা ইরানেরও আছে, কিন্তু আমরা আন্তর্জাতিক আইনকে সম্মান করি।