logo

মেটাকে ৩৭৫ কোটি ডলার জরিমানা

মেটাকে ৩৭৫ কোটি ডলার জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা প্ল্যাটফর্মসকে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেছে নিউ মেক্সিকোর একটি আদালত। মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে শিশুদের যৌন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং ব্যবহারকারীদের এ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার দায়ে মঙ্গলবার (২৪ মার্চ) এ রায় ঘোষণা করা হয়।

রয়টার্স জানায়, নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, মেটা জেনেশুনে তাদের প্ল্যাটফর্মগুলোতে শিশুদের যৌন নিগ্রহ ও হয়রানির সুযোগ উন্মুক্ত রেখেছে এবং অ্যাপগুলোর নিরাপত্তা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে গ্রাহকদের প্রতারিত করেছে।

রায়ের পর নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ একে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই রায় সেইসব শিশু ও পরিবারের বিজয়, যারা মেটার মুনাফাকেন্দ্রিক মানসিকতার ভুক্তভোগী। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীদের কাছে এটি একটি বার্তা যে, কোনো প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয়।’

অন্যদিকে, এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, ‘আমরা এই রায়ের বিরোধিতা করছি। আমরা আমাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করি এবং সবসময় ক্ষতিকর কনটেন্ট অপসারণে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

২০২৩ সালে গোপন এক অনুসন্ধানের ভিত্তিতে মামলাটি করা হয়। তদন্তকারীরা ১৪ বছরের কম বয়সি সেজে ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললে সেখানে তারা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট এবং প্রাপ্তবয়স্কদের কাছ থেকে ম্যাসেজ পান।

পরে অভিযোগ করা হয়, মেটা তাদের প্ল্যাটফর্মকে শিশুদের জন্য নিরাপদ দাবি করলেও বাস্তবে তারা বিপজ্জনক কনটেন্টের উপস্থিতি সম্পর্কে তথ্য গোপন করেছে। এ ছাড়া ব্যবহারকারীদের বেশি সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে ইনফিনিট স্ক্রল ও অটোপ্লে ভিডিওর মতো ফিচার ব্যবহার করে শিশুদের আসক্তি সৃষ্টি করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

জুরি বোর্ড তাদের রায়ে উল্লেখ করে, মেটা ইচ্ছাকৃতভাবে প্রতারণামূলক ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত ছিল এবং নিউ মেক্সিকোর বাসিন্দাদের তথ্যগত দুর্বলতার সুযোগ নিয়েছে। বিবেচনায় নেওয়া ৭৫ হাজারটি লঙ্ঘনের জন্য প্রতিটিতে ৫ হাজার ডলার করে জরিমানা নির্ধারণ করা হয়েছে।

মেটা বরাবরই মার্কিন সংবিধানের ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’ ও ‘সেকশন ২৩০’ এর দোহাই দিয়ে নিজেদের নির্দোষ দাবি করে আসছিল। এই দুটি ধারায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা যেসব কনটেন্ট তৈরি করেন, তার দায় প্ল্যাটফর্মের ওপর বর্তায় না। তবে নিউ মেক্সিকোর বিচারক এই যুক্তি প্রত্যাখ্যান করে মামলাটি বিচারের জন্য গ্রহণ করেন।