logo

‘বিমান হামলা করে ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো যাবে না’

‘বিমান হামলা করে ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো যাবে না’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বিমান হামলা করে ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো যাবে না। তবে সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করতে আমরা চেষ্টা করছি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।

সিএনএন টার্কের সঙ্গে একটি সরাসরি সাক্ষাৎকারে ফিদান বলেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বিমান হামলা হলে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে কি না। তখন তিনি বলেছেন, না, এটি ভেঙে পড়বে না।

তিনি আরও বলেন, আমি চাই না যে, ইরানে এ ধরনের কোনো ঘটনা ঘটুক। তবে এ বিষয়টি নিশ্চিত করে বলতে চাই, বিমান হামলা বা অন্য কিছুর মাধ্যমে দেশটির শাসনব্যবস্থার পরিবর্তন হবে না। এটি (পশ্চিমাদের) একটি কল্পনাপ্রসূত স্বপ্ন।

হাকান ফিদান বলেন, ইরানে হামলা হলে সরকার দুর্বল হয়ে পড়বে এবং জনগণকে পরিষেবা প্রদান করতে অক্ষম হয়ে যাবে তারা। তখন ইরানি সরকার অনেক মৌলিক সিদ্ধান্ত নেবে এবং সম্ভবত পরিস্থিতি মোকাবিলায় কিছু পদক্ষেপ নেবে। 

প্রায় আট মাস স্থগিতের পর শুক্রবার ওমানে পুনরায় শুরু হওয়া পরবর্তী দফার আলোচনার জন্য ইরান ও আমেরিকা প্রস্তুত হচ্ছে। ঠিক এমন এক সময়ে ফিদান এ মন্তব্য করেছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান এখন একটি আন্তর্জাতিক ইস্যু। আমরা চাই না কোনো যুদ্ধ হোক। কারণ, এ অঞ্চলটি (মধ্যপ্রাচ্য) আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না।

তিনি বলেন, রিসেপ তাইয়েপ এরদোয়ান এ বিষয়ে সর্বোচ্চ সংবেদনশীলতা প্রদর্শন করছেন। সম্ভাব্য যুদ্ধ প্রতিরোধ করতে আমরা সব ধরনের উপায় অবলম্বন করতে চাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও তাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে অবহিত করেছেন। এ ইস্যুতে তুরস্ক মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে।