হামাসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তুরস্কের গোয়েন্দাপ্রধান

গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের উপায় নিয়ে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান ইব্রাহিম কালিন।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত এ বৈঠকে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য প্রস্তুত করা রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সূত্রগুলো জানায়, বৈঠকে অংশগ্রহণকারীরা বলেন, হামাস ওই প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। তবে রোডম্যাপের জবাব দেওয়ার পরিবর্তে ইসরায়েল গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
তারা জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বৈঠকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। পাশাপাশি এসব এলাকায় ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন এবং অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
এ ছাড়া গাজার মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। এ সময় তুরস্ক রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি মানবিক সহায়তা বাড়ানোর মাধ্যমে গাজার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে।
বৈঠকে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং গাজায় মানবিক সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করতে তুরস্কের প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরা হয়।
এ সময় গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক, কাতার ও মিসরের যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
হামাসের প্রতিনিধিদল গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টার জন্য দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানায়।


