logo

ইরান যুদ্ধের মধ্যে খুলে দেওয়া হলো গাজার রাফাহ ক্রসিং

ইরান যুদ্ধের মধ্যে খুলে দেওয়া হলো গাজার রাফাহ ক্রসিং

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই দক্ষিণ গাজার সাধারণ মানুষের জন্য সুসংবাদ হয়ে এসেছে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার খবর। বৃহস্পতিবার (১৯ মার্চ) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর ঠিক একদিন পরই ইসরায়েল এই সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেয়। গত ১ মার্চ ইসরায়েলের সামরিক বেসামরিক সমন্বয়কারী সংস্থা (কোগাট) এক বিবৃতিতে জানিয়েছিল, পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে রাফাহ ক্রসিং সহ গাজা উপত্যকার সকল প্রবেশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘোষণার পর যুদ্ধ চলমান অবস্থায় প্রথমবারের মতো সীমান্তটি আজ খুলে দেওয়া হয়েছে। এতে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

গাজার বাসিন্দাদের জন্য রাফাহ ক্রসিং একটি জীবনরেখা হিসেবে পরিচিত। দীর্ঘ অবরোধ ও যুদ্ধের এই কঠিন সময়ে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানো এবং মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে সরিয়ে নিতে এই পথটির কোনো বিকল্প নেই। সীমান্তটি পুনরায় চালু হওয়ায় গাজায় জরুরি খাদ্য, ওষুধ এবং ত্রাণ সামগ্রী পৌঁছানোর পথ প্রশস্ত হলো।

ক্রসিং চালু হওয়ায় অবরুদ্ধ গাজার মানবিক সংকটের তীব্রতা কিছুটা লাঘব হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে এই পথটি কতদিন সচল থাকবে, তা নিয়ে উদ্বেগ রয়েই যায়।