logo

দুই বছরের শিশুকে আটক করল মার্কিন অভিবাসন পুলিশ

দুই বছরের শিশুকে আটক করল মার্কিন অভিবাসন পুলিশ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ফেডারেল অভিবাসন কর্মীরা দুই বছর বয়সী এক শিশুকে আটক করে টেক্সাসে পাঠিয়ে দিয়েছে। আদালতের মুক্তির আদেশ থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার বাবাসহ তাকে আটক করে অভিবাসন পুলিশ। আদালত এই ঘটনাকে ভয়াবহ ও নিকৃষ্টতম বলে উল্লেখ করেছে।

আদালতের নথি অনুযায়ী, ‘এলভিস জোয়েল টি’ নামে পরিচিত এক বাবা ও তার মেয়েকে দুপুর ১টার দিকে পুলিশ আটক করে। তারা দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পরে সন্ধ্যার দিকে একজন ফেডারেল বিচারক রাত সাড়ে ৯টার মধ্যে শিশুটিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

তবে আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে ফেডারেল কর্মকর্তারা বাবা ও মেয়েকে টেক্সাসের একটি আটককেন্দ্রে পাঠানোর জন্য বিমানে তুলে দেন।

ভুক্তভোগী পরিবারের আইনজীবী ইরিনা ভায়নারম্যান শুক্রবার বিকেলে গার্ডিয়ানকে জানান, অভিবাসন পুলিশ শেষ পর্যন্ত তাদের দুজনকেই মিনেসোটায় ফিরিয়ে এনেছেন এবং দুই বছর বয়সী শিশুটিকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। তবে বাবা এখনও মিনেসোটাতেই আটক রয়েছেন।

তিনি বলেন, ‘এই ঘটনার ভয়াবহতা অকল্পনীয়। এর নিকৃষ্টতা ভাষায় প্রকাশ করা যায় না।’

আদালতের রেকর্ড ও আইনজীবীর বিবরণে দেখা যায়, শিশুটিকে আটক করা, হেফাজত থেকে মুক্ত করা এবং মায়ের সঙ্গে পুনর্মিলনের জন্য মরিয়া প্রচেষ্টার একটি ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

এই ঘটনা ঘটে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) মিনেসোটায় পাঁচ বছর বয়সী লিয়াম রামোসকে আটক করার দুই দিন পর। ওই ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অভিবাসন দমননীতির বিরুদ্ধে ব্যাপক তদন্ত ও সমালোচনার সূত্রপাত ঘটায়।