গাজায় ৮ হাজার সেনা পাঠাবে ইন্দোনেশিয়া

গাজার শান্তিরক্ষী বাহিনীতে আট হাজার বা তার বেশি সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, গাজার শান্তিরক্ষায় বিভিন্ন বাধা ও অসুবিধা সত্ত্বেও আমরা খুবই আশাবাদী। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এ অঞ্চলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। সমস্যা থাকবে, কিন্তু আমরা জয়ী হবো।
তিনি বলেন, আমাদের স্বপ্ন ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করা। এবার আমরা এ স্বপ্ন বাস্তবায়নে সফল হবো। ফিলিস্তিনি সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান হবে। এবার গাজায় আমরা শান্তি প্রতিষ্ঠা করব।
প্রাবোও সুবিয়ান্তো বলেন, এ অঞ্চলে যুদ্ধ বিরতি অব্যাহত রাখা সম্ভব। গাজাতে শান্তিরক্ষায় আমরা উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য পাঠাবো। সেনা সংখ্যা ৮০০০ বা তার বেশি হতে পারে। এ বিষয়ে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সৈন্য পাঠাতে প্রস্তুত।