logo
Advertisement

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় বামপন্থি সেগুরোর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় বামপন্থি সেগুরোর

পর্তুগালে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভূমিধস জয় পেয়েছেন সোশ্যালিস্ট পার্টির প্রার্থী অ্যান্তোনিও হোসে সেগুরো। এবারের নির্বাচনে সেগুরোর বিজয়কে মধ্যপন্থি ও বামপন্থি শক্তির বড় জয় হিসেবে দেখা হচ্ছে। খবর আল-জাজিরার।

রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী অতি-ডানপন্থি আন্দ্রে ভেনচুরাকে বড় ব্যবধানে পরাজিত করেন তিনি। আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দেশটির মসনদে বসতে যাচ্ছেন সেগুরো।

আংশিক ফলাফল অনুযায়ী, ৯৫ শতাংশ ভোট গণনা শেষে ৬৩ বছর বয়সি সেগুরো পেয়েছেন প্রায় ৬৬ শতাংশ ভোট। বিপরীতে ভেনচুরা পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। যদিও তিনি হেরে গেছেন, তবু আগের নির্বাচনের তুলনায় তার সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের সাধারণ নির্বাচনে তার দল চেগা পেয়েছিল ২২ দশমিক ৮ শতাংশ ভোট।

দুটি এক্সিট পোলে দেখা গেছে, সেগুরোর ভোট পাওয়ার হার ৬৭-৭৩ শতাংশের মধ্যে এবং ভেনচুরার ২৭-৩৩ শতাংশের মধ্যে থাকতে পারে। লিসবন ও পোর্তোর মতো বড় শহরগুলোর ভোট গণনা শেষে এই ব্যবধান আরও স্পষ্ট হয়েছে।

পর্তুগালের রাজনীতিতে গত ৪০ বছরের মধ্যে এটিই প্রথম কোনো নির্বাচন, যা দ্বিতীয় দফায় গড়িয়েছে। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় এই রান-অফ বা দ্বিতীয় দফার ভোটের আয়োজন করা হয়। 

প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো অবশ্য দ্বিতীয় দফায় কোনো প্রার্থীকে সমর্থন দেননি। তার নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকার সংসদে আইন পাসের ক্ষেত্রে সমাজতান্ত্রিক বা অতি ডানপন্থিদের সমর্থনের ওপর নির্ভরশীল।

আগামী মার্চের শুরুতে নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যান্তোনিও হোসে সেগুরো বিদায়ী প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসার দায়িত্ব গ্রহণ করবেন।