পাকিস্তানি নভোচারীকে নিয়ে চীনের ঐতিহাসিক মহাকাশযাত্রা

চীনের মহাকাশ ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হলো। প্রথমবারের মতো একজন বিদেশি নভোচারীকে সঙ্গে নিয়ে তিন সদস্যের মহাকাশযান উৎক্ষেপণ করেছে দেশটি। এই অভিযানে অংশ নিয়েছেন পাকিস্তানের বিমানবাহিনীর পাইলট ও মহাকাশ গবেষক মুহাম্মদ জিশান আলী। সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে তিনি চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাত্রা করা প্রথম বিদেশি নভোচারী হওয়ার পথে এগিয়ে গেলেন।
বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসি ক্যামেরার উৎক্ষেপণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি মূল রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। চীনের মানববাহী মহাকাশ সংস্থা অভিযানটিকে সম্পূর্ণ সফল ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, তিন নভোচারীই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
শেনঝৌ-২৪ অভিযানে অংশ নেওয়া তিন নভোচারী হলেন তাং হংবো, উ ই এবং পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। তাদের মধ্যে তাং হংবো মহাকাশযানের পাইলট এবং উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
৪০ বছর বয়সি জিশান আলী পাকিস্তান বিমানবাহিনীর একজন পাইলট ও পেলোড বিশেষজ্ঞ। চীনের মানববাহী মহাকাশ অভিযানে অংশ নেওয়া প্রথম বিদেশি নভোচারী হিসেবে তিনি ইতিহাস গড়তে যাচ্ছেন। একই সঙ্গে চীনের নাগরিক নন, এমন প্রথম ব্যক্তি হিসেবে দেশটির তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন তিনি।
মহাকাশ স্টেশনে অবস্থানকালে জিশান আলী কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নেবেন। পাকিস্তানের মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, এসব গবেষণার অন্যতম লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে খাদ্য ও অক্সিজেনের সম্ভাব্য উৎস হিসেবে অণুশৈবাল বা মাইক্রোঅ্যালগি চাষের সম্ভাবনা যাচাই করা।
এ ছাড়া মহাকাশের পরিবেশে কুইনোয়া বীজের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়েও পরীক্ষা চালানো হবে। ভবিষ্যতে দীর্ঘ সময়ের মহাকাশযাত্রা এবং চাঁদ ও মঙ্গল অভিযানে খাদ্য উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে এসব গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কক্ষপথে প্রবেশের পর শেনঝৌ-২৪ মহাকাশযানটির তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হওয়ার কথা। সেখানে আগে থেকেই অবস্থান করছেন চীনের তিন নভোচারী ঝু ইয়াংঝু, লাই কাই-ইং এবং ঝাং ঝিয়ুয়ান।
লাই কাই-ইং হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে স্টেশনে অবস্থানরত একমাত্র নারী নভোচারী।
পরিকল্পনা অনুযায়ী, জিশান আলী লাই কাই-ইং ও ঝাং ঝিয়ুয়ানের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন। অন্যদিকে ঝু ইয়াংঝু মহাকাশ স্টেশনে থেকে যাবেন। এর মাধ্যমে মহাকাশে টানা এক বছর অবস্থানের চীনের প্রথম কর্মসূচি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের মাধ্যমে নভোচারীদের শারীরিক ও মানসিক সক্ষমতা, জীবনধারণের ব্যবস্থা এবং মহাকাশ স্টেশনের কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ভবিষ্যতে চাঁদ ও আরও দূরবর্তী মহাকাশ অভিযানের প্রস্তুতিতে এসব অভিজ্ঞতা কাজে লাগবে।
চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি চীনের
২০৩০ সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে চীন। এ লক্ষ্য বাস্তবায়নে দেশটি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে বিপুল বিনিয়োগ করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রও তাদের আর্টেমিস কর্মসূচির মাধ্যমে আবারও চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, চীনের মহাকাশ কর্মসূচিতে পাকিস্তানের অংশগ্রহণ আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী পাঠানোর ঘটনা চীনের মহাকাশ কর্মসূচির আন্তর্জাতিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জিশান আলী মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক নন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানি মেরু অভিযাত্রী নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের গ্যালাকটিক-০৪ অভিযানে অংশ নিয়ে মহাকাশ ভ্রমণ করেন।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই অভিযানকে পাকিস্তান ও চীনের মধ্যকার গভীর আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘মহাকাশ জয়ের অভিযাত্রায় পাকিস্তান-চীন বন্ধুত্ব হিমালয়ের উচ্চতাকেও ছাড়িয়ে যাচ্ছে।’



