তুর্কি গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধিদলের সাক্ষাৎ

তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে ইস্তাম্বুলে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের একটি প্রতিনিধিদল।
শনিবার (২৪ জানুয়ারি) হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও আলোচক দলের প্রধান খলিল আল-হায়া ও দলের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নিরাপত্তা সূত্রের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানায়, বৈঠকে গাজা যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় করা। গাজায় বর্তমানে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি চলছে। যদিও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে।
বৈঠকে উভয়পক্ষ মানবিক সহায়তা বৃদ্ধি, উভয় দিক থেকে রাফাহ সীমান্ত ক্রসিং খোলা, গাজা ব্যবস্থাপনার জন্য জাতীয় কমিটির দায়িত্ব গ্রহণ ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিতভাবে কাজ করতে সম্মত হয়েছে।
গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের মধ্যস্থতা ও গ্যারান্টারের ভূমিকার জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হামাস প্রতিনিধিদল। পাশাপাশি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আঙ্কারার ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যও তারা ধন্যবাদ জানায়।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ, ফলে গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
গত বছরের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হলেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। এ সময় নতুন করে ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ৩১৩ জন আহত হয়েছে।