স্কাইডাইভিংয়ের জন্য উড্ডয়নের পর দুর্ঘটনা, যুক্তরাষ্ট্রে নিহত ১২

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভারদের নিয়ে উড্ডয়নের পর ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পাইলট ও ১১ জন স্কাইডাইভার রয়েছেন।
রোববার সকালে মিসৌরির বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
স্থানীয় প্রশাসন জানায়, দুর্ঘটনার খবর বেলা সাড়ে ১১টার দিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও আগুনে বিমানটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ভেতরে থাকা সবাই নিহত হন।
মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, উড্ডয়নের পর বিমানটি হঠাৎ বাম দিকে মোড় নেয়, এরপর পাইলট নিয়ন্ত্রণ হারানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে মাটিতে বিধ্বস্ত হয়।
তিনি আরও জানান, বিমান থেকে কেউ আগেই লাফ দিয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেসের ৭৫০এক্সএল মডেলের সিঙ্গেল-ইঞ্জিন টার্বোপ্রপ বিমান, যা স্কাইডাইভিং ছাড়াও মাল পরিবহন ও জরুরি সেবার কাজে ব্যবহৃত হয়। বিমানটি সর্বোচ্চ ১৭ জন স্কাইডাইভার বহন করতে সক্ষম।
বিমানটি ‘স্কাই ডাইভ কানসাস সিটি’ নামের একটি সংস্থার পরিচালনায় ছিল বলে জানা গেছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
