Advertisement

ইতালিতে সেতু ধসে ৪৩ প্রাণহানি, সাবেক মোটরওয়ে প্রধানের ১২ বছরের সাজা

এশিয়া পোস্ট ডেস্ক
ইতালিতে সেতু ধসে ৪৩ প্রাণহানি, সাবেক মোটরওয়ে প্রধানের ১২ বছরের সাজা
২০১৮ সালে ইতালির জেনোয়া শহরের মরান্দি সেতু ধসের ঘটনায় ৪৩ জন নিহত হয়েছিলেন। ছবি: সংগৃহীত

ইতালির জেনোয়া শহরের মরান্দি সেতু ধসের ঘটনায় দেশটির মোটরওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠান অটোস্ত্রাদে পার ল'ইতালিয়ার (এএসপিআই) সাবেক প্রধান নির্বাহী জিওভান্নি কাস্তেলুচ্চিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেনোয়ার আদালত এ রায় দেন। ২০১৮ সালের ১৪ আগস্ট প্রবল বৃষ্টির মধ্যে সেতুর একটি বড় অংশ ধসে পড়ে। এতে ৪৩ জন নিহত হন এবং বহু গাড়ি ও ট্রাক নিচে পড়ে যায়।

এ মামলায় রাষ্ট্রপক্ষ কাস্তেলুচ্চির জন্য আরও দীর্ঘ কারাদণ্ড চেয়েছিল। বর্তমানে তিনি ২০১৩ সালের আরেকটি সড়ক দুর্ঘটনার মামলায় ছয় বছরের কারাদণ্ড ভোগ করছেন।

জেনোয়ার বিচারক পাওলো লেপ্রি রায় ঘোষণা করেন। তবে কাস্তেলুচ্চি আদালতে উপস্থিত ছিলেন না। তার আইনজীবী জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তার দাবি, রায়টি ত্রুটিপূর্ণ এবং তার মক্কেল নির্দোষ।

একই মামলায় এএসপিআইয়ের আরেক সাবেক শীর্ষ কর্মকর্তা মিকেলে দোনফের্রি মিতেল্লিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা পাওলো বের্তিকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মোট ৫৭ জন আসামির মধ্যে ৩২ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আরও কয়েকজন কর্মকর্তাকে প্রায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ জন খালাস পেয়েছেন অথবা সময়সীমা-সংক্রান্ত আইনি কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ কার্যকর হয়নি।

রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, পুরোনো হয়ে যাওয়া সেতুর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ বারবার পিছিয়ে দেওয়া হয়েছিল এবং সম্ভাব্য ঝুঁকির সতর্কবার্তা উপেক্ষা করা হয়।

তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, সেতুর নকশাগত ত্রুটিই দুর্ঘটনার মূল কারণ।

দুর্ঘটনার তদন্ত শেষ করে বিচার শুরু হতে প্রায় চার বছর সময় লাগে। এরপর বিচারপ্রক্রিয়া চলে আরও চার বছর, যার মধ্যে ২৮০টিরও বেশি শুনানি অনুষ্ঠিত হয়।

এ মামলায় রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান স্পিয়ার সাবেক প্রধান নির্বাহী আন্তোনিনো গালাতাকে সাড়ে পাঁচ বছর এবং ইতালির পরিবহন মন্ত্রণালয়ের মোটরওয়ে বিভাগের সাবেক প্রধান কর্মকর্তা মাউরো কোলেত্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ের পর নিহতদের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন। নিহত হেনরি দিয়াজের ভাই ইমানুয়েল দিয়াজ ইতালীয় টেলিভিশনকে জানান যে তিনি রায়ে খুবই সন্তুষ্ট। আর নিহতদের স্মৃতি রক্ষা কমিটির প্রধান এগলে পোসেত্তি বলেন, কাস্তেলুচ্চির ১২ বছরের সাজা গ্রহণযোগ্য। এটি ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

বিচার শুরুর আগে এএসপিআইয়ের বর্তমান প্রধান আরিগো জিয়ানা প্রথমবারের মতো প্রকাশ্যে সেতু ধসের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে কিছু মানুষের সিদ্ধান্ত কোম্পানি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনে গভীর ক্ষত তৈরি করেছে। তবে নিহতদের স্বজনদের অনেকেই এ ক্ষমাপ্রার্থনাকে আন্তরিক বলে মনে করেননি।

মরান্দি সেতুর ধ্বংসাবশেষ ২০১৯ সালের শুরুতে অপসারণ করা হয়। পরে স্থপতি রেনজো পিয়ানোর নকশায় নির্মিত নতুন সান জর্জিও সেতু ২০২০ সালে উদ্বোধন করা হয়।