logo

২৭ কথিত বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের

২৭ কথিত বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি ভারতীয় পুলিশের
১২ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। ছবি: এএনআই

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য হরিয়ানার গুরুগ্রাম থেকে ২৭ জন কথিত বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি করেছে স্থানীয় পুলিশ। অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের আটক করার পর প্রথমে পশ্চিমবঙ্গে পাঠানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। তবে কী প্রক্রিয়ায় তাদের সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করেনি ভারতীয় কর্তৃপক্ষ।

Advertisement

গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ২৭ জনকে শুক্রবার (২৭ নভেম্বর) পুলিশি পাহারায় ট্রেনে করে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। তাদের যাত্রার জন্য ট্রেনে একটি অতিরিক্ত সাধারণ কোচ যুক্ত করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুগ্রাম পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) ও পুলিশ অপারেশনস স্টাফ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের কাছে ভারতে অবস্থানের বৈধ অনুমতিপত্র হিসেবে কোনো ভিসা, পাসপোর্ট বা অন্য নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পরে তাদের মানেসরের একটি আটককেন্দ্রে (হোল্ডিং সেন্টার) নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সংবাদমাধ্যমটিকে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ২৭ জনই পুলিশ সদস্যদের সঙ্গে ট্রেনে ওঠেন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ট্রেনটি যাত্রা শুরু করে। পুরো অভিযান সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে।

জেলায় অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযুক্ত বিদেশি নাগরিকদের শনাক্ত ও যাচাই করার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩১ জন বাংলাদেশি নাগরিককে বেঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আধার কার্ড পেতে ১৪ জন কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীর নথিপত্র সত্যায়ন করায় এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা খারিজ করতে অস্বীকৃতি জানিয়েছেন কর্ণাটক হাইকোর্ট।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট