হরমুজে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন স্থাপন করতে দেখলে তাদের ওপর গুলি চালানোর জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ নির্দেশ দেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালির জলসীমায় কোনো নৌযান যদি মাইন বসাতে দেখা যায়, তবে তাদের গুলি করে ধ্বংস করে দিতে হবে। জাহাজগুলো যতই ছোট বা বড় হোক না কেন তাদের ধ্বংস করতে হবে।
তিনি বলেন, এই নির্দেশ বাস্তবায়নে কোনো দ্বিধা করা যাবে না।
এছাড়া যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন সুইপারগুলো বর্তমানে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে বলেও পোস্টে দাবি করেন ট্রাম্প।