logo

ইরানে ফের জেন-জি বিক্ষোভ

ইরানে ফের জেন-জি বিক্ষোভ

গণবিক্ষোভের ধাক্কা কাটিয়ে না উঠতেই ফের বিক্ষোভ শুরু হয়েছে ইরানে। তরুণ প্রজন্মের একটি অংশ সরকারবিরোধী এই বিক্ষোভ করছেন। দেশটিতে এমন এক সময় এই বিক্ষোভ হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করা নিয়ে ইরানের ওপর চাপ বাড়ছে।

বিবিসি ও এএফপির প্রতিবেদনের তথ্যমতে, গত শনিবার থেকে ইরানের রাজধানী তেহরানে তরুণ প্রজন্মের একটি অংশ সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তবে, পাল্টা মিছিল-সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন সরকার পক্ষের তরুণ-তরুণীরা।

সরকারবিরোধী আন্দোলনকারীরা বলছে, গত ডিসেম্বর-জানুয়ারির গণবিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে তারা এই বিক্ষোভ শুরু করেছেন।

ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। মিছিলগুলোতে ব্যাপকভাবে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে।

এদিকে, পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি যখন ভয়াবহ আকার ধারণ করে তখন দেশটিতে শুরু হয় বিক্ষোভ। গত বছরের ডিসেম্বরে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। কঠোর হাতে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর হাতে কয়েক হাজার মানুষ নিহত হয়। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই বিক্ষোভে সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের সহযোগিতা করার পাশাপাশি ইরানে সামরিক অভিযান চালানোরও ইঙ্গিত দিয়েছিলেন। তবে, তেহরান বিক্ষোভ দমন করে ফেলায় এখন পরমাণু কর্মসূচির নিয়ে নতুন হুমকি দিচ্ছেন ট্রাম্প। 

পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এরমধ্যেই মধ্যপ্রাচ্য অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র।

খামেনি সরকারের কয়েকজন কর্মকর্তা এবিসি নিউজকে জানান, ইরানে অস্থিরতা তৈরির জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। আগেও তারা এমনটা করে সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। ইরান কারও কাছে মাথা নত করবে না।