ইরানের সঙ্গে যে কোনো সময় যুদ্ধবিরতি শেষ হবে: নেতানিয়াহু

ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (১৩ এপ্রিল) দেশটির মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।
হিব্রু গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনা শেষে দেশে ফেরার পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে চুক্তি না হওয়ার বিষয়ে অবগত করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি ‘মুহূর্তের মধ্যেই পাল্টে যেতে পারে’।
নেতানিয়াহু বলেন, আমেরিকানরা আলোচনায় বসার চুক্তির ব্যাপারে ইরানের এই নির্লজ্জ লঙ্ঘন সহ্য করতে পারেনি। চুক্তিটি ছিল, তারা গোলাবর্ষণ বন্ধ করলে ইরানিরা অবিলম্বে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। কিন্তু তেহরান সেটা করেনি। তাই আমেরিকানরা তা মেনে নিতে পারেনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ভ্যান্স আমাকে বলেছেন, মার্কিন দৃষ্টিকোণ থেকে মূল বিষয়টি হলো সব সমৃদ্ধ ইউরেনিয়াম উপাদান বন্ধ করা এবং আগামী বছরগুলোতে (সম্ভবত কয়েক দশক) ইরান কোনো সমৃদ্ধ করবে না, তা নিশ্চিত করতে হবে। এটাই তাদের লক্ষ্য। অবশ্যই এটা আমাদের কাছেও গুরুত্বপূর্ণ।
ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে বলে জানান নেতানিয়াহু। তিনি আরও বলেন, দুপক্ষের মধ্যে ‘নিবিড় সমন্বয় রয়েছে’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধ রয়েছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা নাচক করে দেন নেতানিয়াহু। তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। সত্যটা সম্পূর্ণ উল্টো। সাম্প্রতিক সংলাপগুলোতে যারা অংশ নিয়েছিলেন, প্রেসিডেন্ট (ট্রাম্প) ও তার প্রতিনিধিদল এর সাক্ষী।
তিনি আরও বলেন, শুধু ইসরায়েলের ইতিহাসে নয়, বরং ইহুদি জাতির ইতিহাসেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এত নিবিড় সমন্বয় আগে কখনও ছিল না।
সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স