logo

ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে পিছু হটার আহ্বান পোপ লিওর

ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে পিছু হটার আহ্বান পোপ লিওর

মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রাণহানি ও সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি এ সংকট থেকে ট্রাম্পকে কূটনৈতিক উপায়ে বেরিয়ে আসার অনুরোধ করেছেন।

বুধবার (১ এপ্রিল) আনাদোলু এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে ।

রোমের অদূরে ক্যাসটেল গানডলফোর এলাকায় নিজ বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তিনি ইরান যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমি আশা করছি, তিনি কূটনৈতিক উপায়ে এ যুদ্ধ থেকে পিছু হটবেন। আশা করি, তিনি এ যুদ্ধ বন্ধের মাধ্যমে সহিংসতা কমিয়ে আনবেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এ যুদ্ধ সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা চলছে। এমন সময়ে পোপ লিও-র এই মন্তব্যকে একটি অস্বাভাবিক কিন্তু সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইরান যুদ্ধে ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পোপ লিও ইস্টার সানডের আগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ সংঘাতে অসংখ্য মানুষ মারা গেছে। নিহতদের মধ্যে নিরপরাধ শিশুও আছে। এবার চলুন আমরা শান্তির আহ্বান জানাই।

এর আগে রোববার পোপ বলেন, যেসব নেতা যারা যুদ্ধবাজ, যাদের হাত রক্তে রঞ্জিত-ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না।