logo

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে কেন অনুরোধ করেন নেতানিয়াহু

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে কেন অনুরোধ করেন নেতানিয়াহু

সরকারবিরোধী বিক্ষোভের জেরে ইরানে মার্কিন হামলা অত্যাসন্ন ছিল। বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের কারণে দেশটিতে হামলার হুমকিও দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী সেজন্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু পরিস্থিতি আঁচ করতে পেরে ইরান সরকার বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর স্থগিতের ঘোষণা দেয়। সুর নরম করে ওয়াশিংটনও।

খবর চাউর হতে থাকে যে, ট্রাম্পকে ইরানে আক্রমণ না করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে, তিনি নিজেই ইরানে হামলা না করতে নিজকে বুঝ দিয়েছেন। তার এই দাবির পর অনেকে সমালোচনা করছেন যে, ট্রাম্প আবারও শান্তিতে নোবেল পাওয়ার আশায় এই কথা বলেছেন।

অবশ্য প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই সময় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তিনি যেন এখনই ইরানে হামলা না চালান। কারণ ইরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি ছিল না ইসরায়েলের।

ইরান হুমকি দিয়েছিল যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে।

মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না। দখলদার ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।

গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল সেগুলো ঠেকাতে কাজ করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হবে। কিন্তু সেটি আর হয়নি।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের কাছে একটি খুদেবার্তা পাঠান। তার ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।