logo

বাসিজ কমান্ডার সোলাইমানি নিহত, নিশ্চিত করল ইরান

বাসিজ কমান্ডার সোলাইমানি নিহত, নিশ্চিত করল ইরান

ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) আধা-সামরিক বিাহিনীর বাসিজ ফোর্সের প্রধান গোলাম সোলেইমানির নিহতের খবর নিশ্চিত করেছে ইরান। 

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

তাসনিমের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সোলাইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন। এই কাপুরুষোচিত হত্যাকাণ্ড মার্কিন সন্ত্রাসী বাহিনী, জায়নবাদী শাসন এবং তাদের ভাড়াটে সৈন্যদের বিরুদ্ধে  বাসিজ যোদ্ধারা প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে না।

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ দাবি করেন, পৃথক হামলায় ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি ও বাজিস কমান্ডার সোলাইমানিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

 

আইআরজিসির বিবৃতিতে সোলাইমানির নিহতের কথা জানানো হলেও আলী লারিজানির বিষয়ে কিছু বলা হয়নি।

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হঠাৎ যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর বদলা নিতে মরিয়া হয়ে ওঠে ইরান। তেহরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলের ভূখণ্ডে ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও।

চলমান এই যুদ্ধ কতদিন চলবে তার কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি দিনদিন বড় ধরনের সংকটের মুখে পড়ছে। বিশেষ করে তেলের দাম প্রতিদিন বেড়েই চলেছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ জুন ইরানের পরমাণু স্থাপনা ও ড্রোন সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। যুক্তরাষ্ট্রও সেই অভিযানে অংশ নেয়। সেসময় ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে আঘাতের দাবি করে পেন্টাগন।

১২ দিনের সংঘাত শেষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পারস্পরিক অবিশ্বাস চরমে পৌঁছে যায়। সেই যুদ্ধ-পরবর্তী উত্তেজনাই এ বছরের সংকটের ভিত গড়ে দেয়।