logo

হরমুজে ১০ জাহাজ চলাচল ‘ইরানের উপহার’, দাবি ট্রাম্পের

হরমুজে ১০ জাহাজ চলাচল ‘ইরানের উপহার’, দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার কেন্দ্রে থাকা হরমুজ প্রণালী ঘিরেই নতুন করে আলোচনার জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই তিনি দাবি করেছেন, ইরান ১০টি তেলবাহী ট্যাংকারকে প্রণালীটি অতিক্রম করার অনুমতি দিয়েছে, যা তিনি যুক্তরাষ্ট্রের প্রতি “সদিচ্ছার বড় উপহার” হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যুক্তরাষ্ট্রকে জ্বালানি-সম্পর্কিত একটি বড় সুবিধা দিয়েছে, তবে তখন বিস্তারিত জানাননি।

ট্রাম্প বলেন, ইরান প্রথমে আটটি তেলবাহী জাহাজ চলাচলের কথা জানালেও শেষ পর্যন্ত সংখ্যাটি দাঁড়িয়েছে ১০-এ। তার ভাষায়, এসব জাহাজ বড় আকারের এবং কিছু জাহাজ পাকিস্তানের পতাকাবাহী ছিল বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই প্রণালী ঘিরে উত্তেজনা কমাতে এবং চলমান পারমাণবিক আলোচনায় অগ্রগতি আনতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়িয়ে আসছে।

গত মঙ্গলবার ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে “অত্যন্ত মূল্যবান” একটি উপহার দিয়েছে, যার আর্থিক মূল্য অনেক বেশি। তবে তখন তিনি সেটির প্রকৃতি স্পষ্ট করেননি। 

সূত্র: রয়টার্স