এবার লেবাননে স্থল অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনী

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে এই অভিযান সীমিত আকারে শুরু হয়েছে। লেবাননের খিয়াম শহরের আশপাশে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ের মধ্যে স্থল অভিযানের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সোমবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে হিজবুল্লাহ রকেট হামলা চালালে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অগ্রবর্তী প্রতিরক্ষা অঞ্চল সম্প্রসারণের লক্ষ্যে তারা লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে মনোযোগ দিচ্ছে। একই সঙ্গে সন্ত্রাসী স্থাপনা ধ্বংস ও সন্ত্রাসীদের নির্মূলের চেষ্টা চলছে।
লেবাননের দক্ষিণাঞ্চলের শহর খিয়াম হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত। সোমবার এই শহরে তিনটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ছাড়া অরেকটি শহর ইয়াতে দুটি বিমান হামলা হয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
ইসরায়েল সীমান্ত ও লিতানি নদী থেকে কয়েক কিলোমিটার দূরে তুলনামূলক উঁচু এলাকা হওয়ায় খিয়াম থেকে উত্তর ইসরায়েল ও কাছাকাছি লেবাননের সমতলভূমি সহজে চোখে পড়ে।
শহরটির আশপাশে ‘তুমুল লড়াই চলছে’ জানিয়ে আল জাজিরা এক প্রতিবেদক বলেন, উচ্চতার কারণেই খিয়াম যার নিয়ন্ত্রণে যাবে, সে-ই কৌশলগত সুবিধা পাবে। তাছাড়া এটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘ এক সংযোগস্থলে অবস্থিত, এই রাস্তা চলে গেছে দক্ষিণ লেবাননের পূর্ব ও পশ্চিম অংশে। একটি রাস্তা ধরে চলে যাওয়া যাবে পূর্ব লেবাননের বেকা উপত্যকায়, যেখানে হিজবুল্লাহর শক্ত প্রভাব রয়েছে।