logo

১০০০ ড্রোন দিয়ে রাশিয়ার ভয়াবহ হামলা, বিধ্বস্ত ইউক্রেনের কয়েকটি শহর

১০০০ ড্রোন দিয়ে রাশিয়ার ভয়াবহ হামলা, বিধ্বস্ত ইউক্রেনের কয়েকটি শহর

ইউক্রেন যুদ্ধের চার বছরের মধ্যে বৃহত্তম আকাশ হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় প্রায় এক হাজার ড্রোন ও অন্তত ২৩টি ক্রুজ মিসাইল দিয়ে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালিয়েছে মস্কো। ভয়াবহ এই হামলায় মঙ্গলবার (২৪ মার্চ) পর্যন্ত অন্তত সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে গার্ডিয়ানের খবর জানায়, সোম ও মঙ্গলবার দুই দফায় চালানো হামলায় সবমিলে এক হাজার ড্রোন ব্যবহার করা হয়। সোমবার রাতে ৪০০টি দূরপাল্লার ড্রোন ও ২৩টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। এরপর মঙ্গলবার দুপুরে আকস্মিকভাবে আরও ৫৫৬টি ড্রোন দিয়ে পশ্চিম ইউক্রেনের শহরগুলোতে হামলা চালায় রুশ বাহিনী।

ইউক্রেনের ১১টি অঞ্চলে এই হামলার ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী দেশ মলদোভা জানিয়েছে, রুশ হামলার কারণে ইউরোপের সঙ্গে তাদের সংযোগকারী একটি প্রধান বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে ইউনেস্কো স্বীকৃত ষোড়শ শতাব্দীর একটি গির্জা। লভিভের জনবহুল রাস্তায় কামিকাজে ড্রোনের আঘাতের ভয়াবহ ফুটেজও সামনে এসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন। এ অবস্থায় মিত্র দেশগুলোর কাছে জরুরি ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ সরবরাহের আহ্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘আমেরিকার মনোযোগ এখন ইরান যুদ্ধের দিকে বেশি। এই সুযোগে ইউক্রেনে স্প্রিং অফেনসিভ জোরদার করেছে রাশিয়া।’

বিশ্লেষকরা বলছেন, শীতকাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া অনুকূলে আসায় রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। তাদের ধারণা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় বিশ্ব রাজনীতির গতি বদলে গেছে। ওয়াশিংটনের মনোযোগ সেদিকে সরে যাওয়ায় ইউক্রেন এখন সামরিক সহায়তার সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে, যার সুযোগ নিচ্ছে ক্রেমলিন।