logo

কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কুয়েতে নিরাপত্তারক্ষী হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার। ছবি: টাইমস কুয়েত

কুয়েতের আল মুতলায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (৩১ অক্টোবর) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে কুয়েত টাইমস।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে জননিরাপত্তা বিভাগের সদস্যরা আল মুতলায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে ওই সম্পত্তির সাবেক আরেক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করা হয়। মরদেহ উদ্ধারের আগেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

তবে সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে কিংবা কুয়েত সরকার গ্রেপ্তার ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেনি।

তদন্তকারীরা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার আগে ওই ব্যক্তি রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে শার্ক পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি দেশত্যাগের চেষ্টা করতে চাইছিলেন।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন, তার স্থলে চাকরিতে যোগ দেওয়া নিরাপত্তারক্ষীর সঙ্গে বিরোধের জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। কাঠের একটি বস্তু ও ছুরি দিয়ে ওই নিরাপত্তারক্ষীকে আঘাত করার কথাও স্বীকার করেছেন তিনি।