logo

ঢাকা থেকে ৪০৩ কিলোমিটার দূরে ভূমিকম্প

ঢাকা থেকে ৪০৩ কিলোমিটার দূরে ভূমিকম্প

রাজধানী ঢাকা থেকে ৪০৩ কিলোমিটার দূরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল প্রায় ৫১ সেকেন্ড।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল মণিপুরের ওয়াংজিং শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার পূর্বে। এটি ঢাকা থেকে প্রায় ৪০৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব দিকে অবস্থিত। কম্পনের গভীরতা ছিল প্রায় ৯৪ দশমিক ১ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, মণিপুরের কামজং নামক স্থানে এ ভূমিকম্প সংগঠিত হয়, যা ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৪০৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের গভীরতা বেশি হলে সাধারণত এর প্রভাব কম পড়ে এবং বড় ধরনের ক্ষতির ঝুঁকি কম থাকে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। এই অঞ্চলে প্রায়ই ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।