logo

সৌদি তেল স্থাপনাসহ তিন জায়গায় হামলার দাবি হুতির

সৌদি তেল স্থাপনাসহ তিন জায়গায় হামলার দাবি হুতির
সৌদি আরামকোর তেল স্থাপনায় হুতি ‍বাহিনীর শক্তিশালী হামলা। ছবি: এএফপি

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, পূর্বাঞ্চলীয় শহর দাহরানে সৌদি আরামকোর স্থাপনা, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকোর একটি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) এ তথ্য জানান ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আগামী দিনগুলোতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইয়াহিয়া সারি বলেন, ‘পূর্বাঞ্চলীয় দাহরানে অবস্থিত আরামকো, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের আরামকোর তেল শোধনাগার লক্ষ্য করে উচ্চমাত্রার সামরিক অভিযান চালিয়েছে হুতি বাহিনী। বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোতে সৌদি আরবের শত্রু বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে দেশটির অভ্যন্তরে অভিযান অব্যাহত থাকবে।’

এর আগে, মঙ্গলবার প্রথমে ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের নিয়ন্ত্রণে থাকা আল-সাবাহ এলাকার একটি কেন্দ্রীয় তেল স্থাপনা খালি করার নির্দেশ দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। এর কিছুক্ষণ পর সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই এলাকার তেল স্থাপনায় সৌদি-সমর্থিত বাহিনী বিমান হামলা চালায় বলে দাবি হুতিপন্থি গণমাধ্যমের।

আলজাজিরার সংবাদদাতা ইউসেফ মাওরি জানান, সানার ওই স্থাপনার পাশাপাশি রাস ঈসা বন্দরের তেলের ট্যাংক এবং হোদেইদা প্রদেশের একটি তেল স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হুতিরা এসব স্থাপনা ও ভূগর্ভস্থ জ্বালানি ডিপো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রভান্ডার সচল রাখতে ব্যবহার করছিল।