logo

ইসরায়েল-লেবানন সংলাপের বার্তা ট্রাম্পের, জানে না বৈরুত

ইসরায়েল-লেবানন সংলাপের বার্তা ট্রাম্পের, জানে না বৈরুত

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরাসরি আলাপ করবেন ইসরায়েলি নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে লেবাননের কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের পোস্টে ইঙ্গিত দেওয়া সংলাপের বিষয়ে কিছুই জানে না তারা।

আল জাজিরার সংবাদদাতা জেইনা খোদর বৈরুত থেকে জানিয়েছেন, তিনি লেবাননের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তারা জানিয়েছেন, সম্ভাব্য আলাপের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

এমনকি ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে দ্বিতীয় কোনো বৈঠকের সম্ভাবনা নিয়েও বৈরুত কিছু জানে না।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে লেবানন ফ্রন্টকে ইরান ফ্রন্ট থেকে আলাদা করতে। ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকটির মূল লক্ষ্য ছিল মূলত লোকদেখানো। যাতে লেবাননের ওপর হিজবুল্লাহ এবং ইরানের প্রভাব দুর্বল করা যায়।

এদিকে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে টাইমস অব ইসরায়েল জানায়, এ বিষয়টিকে একটি বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। দীর্ঘ সময়—প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা একে অপরের সঙ্গে কথা বলবেন। এটা আগামীকালই (বৃহস্পতিবার) ঘটছে। দারুণ!’

এর আগে ১৯৯৩ সালে দুই দেশের মধ্যে আলোচনা হলেও তা শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে হয়নি।

গত মঙ্গলবার ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে একটি প্রাথমিক বৈঠক হয়েছে। লেবানন শুরু থেকেই একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে, তবে ইসরায়েল এখন পর্যন্ত হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্যে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে।