logo

২৮৮ জনকে হত্যায় অভিযুক্ত সিরিয়ার সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

২৮৮ জনকে হত্যায় অভিযুক্ত সিরিয়ার সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

পতিত প্রেসিডেন্ট আসাদের বাহিনীর তাদামন গণহত্যার অন্যতম অভিযুক্ত আমজাদ ইউসুফকে গ্রেপ্তার করেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। তিনি আসাদ সরকারের সামরিক বাহিনীর পলাতক মোস্ট ওয়ায়েন্টড আসামিদের একজন।

শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানান সিরিয়ার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাব। তিনি জানান, রাজধানী দামেস্কের উত্তরাঞ্চলীয় হামা শহরের প্রায় ৫০ কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে তাকে আটক করা হয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিগুলোতে ইউসুফকে ডোরাকাটা জেলের পোশাকে দেখা যায়। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবেক এই সামরিক গোয়েন্দা কর্মকর্তা একটি গাড়ির ভেতরে আটক আছেন, তার মুখ রক্তাক্ত এবং উর্দিধারী ব্যক্তিরা তাকে গালিগালাজ করছে ও চড়-থাপ্পড় মারছেন।

২০১৩ সালে রাজধানী দামেস্কের তাদামন এলাকায় ১২ জন শিশুসহ অন্তত ২৮৮ বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করা হয়, যা তাদামন গণহত্যা নামে পরিচিতি লাভ করে। সেখানে চোখ বাঁধা মানুষকে গণকবরে ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ২০২২ সালে এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ফাঁস হলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনার অন্যতম প্রধান সন্দেহভাজনদের মধ্যে ইউসুফ একজন।

দুই ডজনেরও বেশি ভিডিওতে দেখা গেছে, সিরীয় সেনাবাহিনীর উর্দিধারী কর্মকর্তারা সরকারপন্থি মিলিশিয়াদের সঙ্গে চোখবাঁধা বেসামরিক নাগরিকদের দলবদ্ধভাবে একটি গর্তের ধারে নিয়ে যাচ্ছে, তাদের জোর করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে এবং তারপর গুলি করে হত্যা করছে।তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয় এবং বুলডোজার দিয়ে মাটিচাপা দেওয়া হয়। যার প্রতিটি ঘটনাই অপরাধীরা বিস্তারিতভাবে ক্যামেরাবন্দি করেন।

একজন তথ্য ফাঁসকারী সরকারি ল্যাপটপে ভিডিওগুলো খুঁজে পান। গোপনে সেগুলো প্যারিসের গবেষকদের কাছে হস্তান্তর করেন। সিরিয়ার ওই হত্যাকাণ্ড নিয়ে গবেষণা করেন নেদারল্যান্ডস-ভিত্তিক দুই গবেষক আমস্টারডাম বিশ্ববিদ্যালয় ও এনআইওডি ইনস্টিটিউট ফর ওয়ার, হলোকাস্ট অ্যান্ড জেনোসাইড স্টাডিজের আনসার শাহহুদ এবং অধ্যাপক উগুর উমিত উঙ্গোরের কাছে পাঠিয়ে দেন।

সূত্র: গার্ডিয়ান