Advertisement

উগান্ডাকে প্রাণঘাতী ইবোলা ভাইরাসমুক্ত ঘোষণা

এশিয়া পোস্ট ডেস্ক
উগান্ডাকে প্রাণঘাতী ইবোলা ভাইরাসমুক্ত ঘোষণা
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ ইবোলামুক্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। মঙ্গলবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে দেশটিকে ইবোলামুক্ত বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্রিস বারিয়োমুন্সি। ভাইরাসটির সর্বশেষ প্রাদুর্ভাবে দেশে মোট ২০ জন আক্রান্ত হন এবং দুইজনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের মাঝামাঝি সময়ে দেশটিতে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। আক্রান্ত ২০ জনের মধ্যে ১৫ জনই প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে সংক্রমিত হয়ে এসেছিলেন।

কঙ্গোকে ইবোলা প্রাদুর্ভাবের মূল কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে।

উগান্ডার স্বাস্থ্যমন্ত্রী ক্রিস বারিয়োমুন্সি জানান, ইবোলার সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশজুড়ে সর্বোচ্চ ও নিবিড় নজরদারি ব্যবস্থা চালু রেখেছিল। টানা কঠোর মনিটরিংয়ের ফলে নতুন করে আর কোনো ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। সব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অবশেষে দেশটিকে সম্পূর্ণ ইবোলামুক্ত হিসেবে ঘোষণা করা সম্ভব হয়েছে।