logo

উচ্চগতির কমব্যাট ড্রোন উৎপাদন শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

উচ্চগতির কমব্যাট ড্রোন উৎপাদন শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

উচ্চগতির মানববিহীন কমব্যাট ড্রোন উৎপাদন শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আন্দুরিল ইন্ডাস্ট্রিজ’ ওহাইও অঙ্গরাজ্যের নতুন একটি কারখানায় আগামী কয়েক দিনের মধ্যেই ‘ফিউরি’ নামের উন্নত কমব্যাট ড্রোন তৈরির কাজ শুরু করবে।

প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই ‘আর্সেনাল-১’ উৎপাদন কমপ্লেক্সটি কলম্বাস শহরের কাছে অবস্থিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী এক দশকে এখানে চার হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হবে। চলতি বছরের শেষ নাগাদ প্রায় ২৫০ জন কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে তাদের। 

ফিউরি ড্রোনটি যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) কর্মসূচির অংশ। এই প্রকল্পের লক্ষ্য হলো পাইলটচালিত যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয়ে উড়তে সক্ষম স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করা, যা যুদ্ধক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

আন্দুরিলের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উৎপাদন পদ্ধতি প্রচলিত প্রতিরক্ষা ঠিকাদারদের থেকে ভিন্ন। তারা শুরু থেকেই এমনভাবে নকশা তৈরি করে, যাতে দ্রুত ও কম খরচে ব্যাপক উৎপাদন সম্ভব হয়। এজন্য টাইটানিয়ামের পরিবর্তে অ্যালুমিনিয়ামের মতো বাণিজ্যিক উপকরণ ব্যবহার এবং বিদ্যমান সরবরাহ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইঞ্জিন নির্বাচন করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, বছরের শেষ নাগাদ একই কারখানায় ‘রোডরানার’ ইন্টারসেপ্টর, ‘বারাকুডা’ ক্রুজ মিসাইল এবং একটি গোপন প্রকল্পের উৎপাদনও শুরু হতে পারে।

ইউক্রেন ও ইরান যুদ্ধের অভিজ্ঞতায় সামরিক কৌশলে ড্রোনের গুরুত্ব বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। 

সূত্র: রয়টার্স