‘ভুলবশত হয়েছে’, মোদির ভিডিও সরানোর পর ফেসবুক

ভারতের বহুল আলোচিত ‘নিট’ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সরিয়ে দিয়েছে মেটা। পরে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিডিওটি ‘ভুলবশত হয়েছে’।
মঙ্গলবার (২৮ জুলাই) মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
মেটার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, “একটি কারিগরি ‘ত্রুটির’ কারণে মেটার স্বয়ংক্রিয় সিকিউরিটি সিস্টেম ভুলবশত প্রধানমন্ত্রী মোদির কন্টেন্টটি সরিয়ে ফেলেছিল। পরবর্তীতে বিষয়টি নজরে এলে দ্রুততম সময়ে ভিডিওটি পুনরায় বহাল ও পুনরুদ্ধার করা হয়েছে।”
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। কারণ প্রধানমন্ত্রী মোদির গুরুত্বপূর্ণ ভিডিও বার্তাটি ফেসবুকে বেশ কিছুক্ষণের জন্য ‘অনুপলব্ধ’ বা ‘এরর’ দেখাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা গভীর রাতের সেই সেলফি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়ে বলেছিলেন, ‘নিট পরীক্ষা কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের পেছনে যুক্ত চক্রের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কঠোর আইনি পদক্ষেপ নেবে।’
তিনি স্পষ্ট জানান, দেশের তরুণ ও পরীক্ষার্থীদের ভবিষ্যতের সুরক্ষায় একটি নতুন ও কঠোর বিল পাসের জন্য আসন্ন সংসদ অধিবেশনে বিস্তারিত আলোচনা করা হবে।
এদিকে মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র এবং দলটির আইটি ও সোশ্যাল মিডিয়া বিভাগের প্রীতি গান্ধী বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী দেশের যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে তার প্রথম সেলফি ভিডিওটি শেয়ার করেছিলেন। অথচ ফেসবুক সেটিকে ভারতেই সীমাবদ্ধ করে দিয়েছিল।
ঘটনাটি সামনে আসার পর মেটার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষমতাসীন দলের এই নেত্রী বলেন, ভারতের মানুষ কী দেখবেন আর কী দেখবেন না, তা ঠিক করার অধিকার মেটাকে কে দিয়েছে?
.png)






